ভারতের হয়ে দীর্ঘদিন বাইশ গজে স্পিনের ঘূর্ণিতে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছেন যুজবেন্দ্র চাহাল। এবার ক্রিকেটের বাইরে নতুন পরিচয়ে যাত্রা শুরু করলেন এই লেগ স্পিনার। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি। শুধু দলীয় সদস্য হওয়াই নয়, পেয়েছেন সাংগঠনিক দায়িত্বও।
শনিবার (২১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন চাহাল। দলটির অনগ্রসর শ্রেণি (ওবিসি) মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন তিনি।
দলে যুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন চাহাল। এ সময় বিজেপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এক পোস্টে চাহাল লেখেন, ‘বিজেপি পরিবারের মধ্যে আমাকে স্থান ও সম্মান দেয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌরিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’
বিজেপিতে যোগ দেওয়ার আগে ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌরিয়ার সাথে সাক্ষাৎ করেন এই ক্রিকেটার। বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন ভারতের রাজ্যসভারও একজন সংসদ সদস্য।
২০১৬ সালে ভারতের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় চাহালের। দীর্ঘদিন দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে দাপট দেখালেও সর্বশেষ ২০২৩ সালে ভারতের জার্সিতে মাঠে নামেন তিনি। চলতি বছর লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই স্পিনার। তবে সীমিত ওভারের ক্রিকেটে খেলার জন্য নিজেকে প্রস্তুত রেখেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ৭২টি ওয়ানডে খেলেছেন চাহাল। এই সংস্করণে তার শিকার ১২১ উইকেট। অন্যদিকে ৮০টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৯৬ উইকেট। ক্রিকেটের মাঠে দীর্ঘদিনের অভিজ্ঞতার পর এবার রাজনৈতিক অঙ্গনে নতুন দায়িত্ব নিয়ে পথচলা শুরু করলেন তিনি।


