...|...|...

বিশ্ব

ভারতের শেয়ারবাজারে বড় ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৪
Shares
ভারতের শেয়ারবাজারে বড় ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপি

ছবি: সংগৃহীত

ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত ব্যাপক দরপতনে বিনিয়োগকারীদের ৫ লাখ কোটি রুপির বেশি বাজারমূল্য কমেছে। টানা কয়েক সপ্তাহের উত্থানের পর মুনাফা তুলে নিতে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিনের সর্বোচ্চ অবস্থান থেকে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১ হাজার ৬০০ পয়েন্টের বেশি নিচে নেমে যায়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি-৫০ সূচক ২৫ হাজার ৬০০ পয়েন্টের নিচে নেমে আসে।

দিনের লেনদেন শেষে সেনসেক্স ১ হাজার ৪৮৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৮২ হাজার ৪৩৫ পয়েন্টে। একই সময়ে নিফটি-৫০ সূচক ৪৫০ পয়েন্ট কমে ২৫ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ভারতের শেয়ারবাজারে টানা উত্থান দেখা যায়। চার সপ্তাহের ধারাবাহিক দরবৃদ্ধির পর অনেক বিনিয়োগকারী বেশি দামে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিতে শুরু করেন। এটিই বাজারের বড় পতনের অন্যতম কারণ।

এ ছাড়া ব্যাংক খাতের শেয়ারে ব্যাপক বিক্রির চাপ বাজারের পতনকে আরও ত্বরান্বিত করে। এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক ও ব্যাংক অব বরোদার শেয়ারের দাম কমায় ব্যাংক নিফটি সূচকেও বড় পতন ঘটে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার বৃদ্ধি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। মার্কিন সুদহার বাড়লে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের মতো উদীয়মান বাজার থেকে অর্থ সরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দুর্বল অবস্থানও বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। রুপির দরপতনে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, নিফটি-৫০ সূচক ২৬ হাজার পয়েন্টের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়েছে।