...|...|...

বিশ্ব

পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ঘোষণা মালয়েশিয়ার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৬
Shares
পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ঘোষণা মালয়েশিয়ার

ফাইল ছবি

আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তুরস্ককে যুক্ত করে ত্রিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি।

বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়েছে। এ সময় সীমান্ত উত্তেজনা নিরসনে সংলাপ, সংযম এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতেই মালয়েশিয়া সফর করছেন আসিম মুনির। বৈঠকে নিয়মিত উচ্চপর্যায়ের সফর, সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং নিরাপত্তা ইস্যুতে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

সফরকালে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ বিন নরদিনসহ দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান।