...|...|...

সাহিত্য

বিলংগিং: আ জার্নি অব লাভ | প্রথম পর্ব

কেমব্রিজের এক দুপুরে রাজীবের সাথে দেখা, বদলে গেল সোনিয়ার জীবনের গল্প

সোনিয়া গান্ধী: প্রেম, পরিবার ও ক্ষমতার অন্তরালে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ১২:০৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, রাত ১২:০৪
Shares
কেমব্রিজের এক দুপুরে রাজীবের সাথে দেখা, বদলে গেল সোনিয়ার জীবনের গল্প

ছবি: সংগৃহীত

কেমব্রিজের একটি রেস্তোরাঁ। দুপুরের খাবার খেতে এসে বিপরীত টেবিলে বসা এক তরুণের দিকে চোখ আটকে গেল ইতালীয় এক তরুণীর। চারপাশে বন্ধুদের হাসিঠাট্টা, কথাবার্তা আর আড্ডা। অথচ সেই তরুণ অন্যদের চেয়ে কিছুটা আলাদা। লম্বা, সুদর্শন, স্বল্পভাষী। উচ্ছ্বাসের মধ্যেও তার মধ্যে এক ধরনের শান্ত ভাব। তরুণী তখনো জানতেন না তার নাম। শুধু বুঝতে পারছিলেন, অপরিচিত মানুষটি অকারণেই তার মনোযোগ কেড়ে নিচ্ছেন।

তরুণীর নাম সোনিয়া মাইনো। আর সেই যুবক রাজীব গান্ধী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাতি, ইন্দিরা গান্ধীর বড় ছেলে। সময়টা ষাটের দশকের মাঝামাঝি। রাজীব তখন কেমব্রিজে প্রকৌশলের ছাত্র। আর সোনিয়া ইতালি থেকে এসেছেন ইংরেজি শিখতে। দুজনের বেড়ে ওঠা দুই দেশে, দুই সংস্কৃতিতে। তাদের পারিবারিক পরিচয়ও সম্পূর্ণ আলাদা। তবু কেমব্রিজের সেই রেস্তোরাঁয় শুরু হয়েছিল এমন এক সম্পর্ক, যার পরিণতি একদিন ভারতের রাজনৈতিক ইতিহাসের সাথেও জড়িয়ে যাবে।

প্রথম পরিচয়ের দিনটি সোনিয়ার স্মৃতিতে রয়ে গেছে বিশেষভাবে। রাজীবের সাথে হাত মেলানোর মুহূর্তেই তার মনে হয়েছিল, এই মানুষটির প্রতি তিনি আকৃষ্ট। পরে রাজীবও জানিয়েছিলেন, তার অনুভূতিও ছিল একই রকম। কিন্তু ভালোবাসার সেই সহজ শুরুটা দীর্ঘদিন সহজ থাকেনি। সামনে এসে দাঁড়িয়েছিল পরিবারের আপত্তি, দেশ ও সংস্কৃতির ব্যবধান, দীর্ঘ বিচ্ছেদ আর অনিশ্চিত ভবিষ্যৎ।

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আলোচিত বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love)-এ উঠে এসেছে সেই জীবনেরই বিস্তৃত স্মৃতিচারণ। শৈশবের ইতালি থেকে কেমব্রিজের ছাত্রজীবন, রাজীবের সাথে পরিচয়, নেহরু-গান্ধী পরিবারের সাথে সম্পর্ক এবং পরবর্তী জীবনের ব্যক্তিগত ও রাজনৈতিক অভিজ্ঞতা- সব মিলিয়ে বইটি একজন নারীর দীর্ঘ জীবনযাত্রার বিবরণ।

বইটির ঘটনাপ্রবাহ অবলম্বনে বিশেষ ধারাবাহিকের প্রথম পর্বে থাকছে সেই সময়ের গল্প, যখন সোনিয়া গান্ধী ছিলেন কেবল সোনিয়া মাইনো- ইতালির এক তরুণী, যিনি নিজের দেশ থেকে বহু দূরে এসে ভালোবেসে ফেলেছিলেন এক ভারতীয় যুবককে।

কেমব্রিজে একাকিত্ব, খাবার নিয়ে বিড়ম্বনা

১৯৬৫ সালের দিকে ইংরেজি শেখার জন্য ইতালি ছেড়ে কেমব্রিজে আসেন সোনিয়া। বয়স তখন ১৯ বছরের কাছাকাছি। ভর্তি হন জ্যারেট স্কুল অব ইংলিশে।

বিদেশে পড়তে আসার উত্তেজনা খুব বেশি দিন স্থায়ী হয়নি। অচেনা ভাষা, অপরিচিত মানুষ, ইংল্যান্ডের মেঘলা আবহাওয়া- সব মিলিয়ে নতুন পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন তিনি। ইতালির পরিচিত জীবন ছেড়ে আসার শূন্যতা সবচেয়ে বেশি অনুভব করতেন দিনের শেষে।

মাকে নিয়মিত চিঠি লিখতেন সোনিয়া। সেই চিঠিতে থাকত বাড়ির জন্য মনখারাপ, নতুন শহরের অভিজ্ঞতা আর ইংরেজদের জীবনযাপন নিয়ে নানা অভিযোগ। বিশেষ করে খাবারের সঙ্গে কিছুতেই মানিয়ে উঠতে পারছিলেন না।

যে বাড়িতে থাকতেন, সেখানকার সকালের খাবার তার এতটাই অপছন্দ ছিল যে কখনো জানালা দিয়ে বিড়ালদের জন্য ফেলে দিতেন। রাতের খাবারে সেদ্ধ বাঁধাকপি কিংবা টিনজাত স্প্যাগেটি দেখলেও মন খারাপ হয়ে যেত।

ইতালীয় খাবারের স্বাদ খুঁজতে একসময় নিজেই শহরের দোকানপাট চিনতে শুরু করেন। বাসে পথ হারানোর অভিজ্ঞতার পর সাইকেল চালানো শিখেছিলেন। তারপর কিংস স্ট্রিটে খুঁজে পান একটি খাবারের দোকান। সেখান থেকে পনির, রুটি ও প্রয়োজনীয় খাবার কিনে রাতের খাবারের ব্যবস্থা করতেন।

দুপুরের খাবারের জন্য তার পছন্দ ছিল ভার্সিটি রেস্তোরাঁ। সেখানে ইতালীয় স্বাদের কাছাকাছি কিছু খাবার পাওয়া যেত। ফলে জায়গাটি ধীরে ধীরে তার নিয়মিত যাতায়াতের ঠিকানা হয়ে ওঠে।

এই সাধারণ অভ্যাসই একদিন তার জীবনে নিয়ে আসে অসাধারণ এক পরিচয়।

বিপরীত টেবিলের সেই যুবক

ভার্সিটি রেস্তোরাঁয় নিয়মিত আসতেন একদল তরুণ। আড্ডা, হাসিঠাট্টা আর গল্পে মেতে থাকতেন তারা। তাদের মধ্যেই একজনকে আলাদা করে লক্ষ করেছিলেন সোনিয়া।

অন্যদের মতো খুব বেশি কথা বলতেন না যুবকটি। কিন্তু তার উপস্থিতি চোখ এড়িয়ে যাওয়ার মতোও ছিল না।

জানুয়ারির এক রৌদ্রোজ্জ্বল রোববারে বন্ধু ক্রিশ্চিয়ান ফন স্টিগলিৎজের সাথে রেস্তোরাঁয় এলেন সেই তরুণ। সেদিনই সোনিয়ার সাথে তার পরিচয় করিয়ে দেওয়া হলো।

নাম রাজীব গান্ধী।

সোনিয়ার স্মৃতিচারণ অনুযায়ী, প্রথম হাত মেলানোর মুহূর্তেই দুজনের মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে রাজীবও একই অনুভূতির কথা স্বীকার করেন।

সেদিন পরিচয়ের পর চারজন মিলে বেড়াতে যান এলি ক্যাথেড্রালে। দিনের শুরুতে যে দুজন ছিলেন পরস্পরের অপরিচিত, ফেরার পথে তাদের মধ্যে তৈরি হয়েছিল নতুন এক ঘনিষ্ঠতা।

সোনিয়া তখন জানতে পারেন, রাজীবের বয়স ২১ বছর। তিনি দিল্লি থেকে এসেছেন কেমব্রিজের ট্রিনিটি কলেজে প্রকৌশল পড়তে। তার মা ইন্দিরা গান্ধী, আর নানা জওহরলাল নেহরু।

ভারতের রাজনৈতিক ইতিহাসে এই নামগুলোর গুরুত্ব ছিল অপরিসীম। কিন্তু সোনিয়ার কাছে রাজীবের পরিচয় তখন অন্য রকম। তিনি একজন তরুণ, যার সাথে কথা বলতে ভালো লাগে, যার উপস্থিতিতে অচেনা শহরটাও কিছুটা পরিচিত মনে হয়।

পুরোনো গাড়ি, বন্ধুদের আড্ডা আর ভালোবাসার দিন

পরিচয়ের পর খুব দ্রুতই সোনিয়া ও রাজীবের দেখা-সাক্ষাৎ বাড়তে থাকে। ক্লাসের বাইরে প্রায় পুরো সময়টাই তারা একসাথে কাটাতে শুরু করেন।

কখনো বন্ধুদের বাসায় আড্ডা, কখনো চায়ের দোকান, কখনো বইয়ের দোকান কিংবা সিনেমা। কেমব্রিজের ছাত্রজীবনের সাধারণ আনন্দগুলোই হয়ে উঠেছিল তাদের সম্পর্কের অংশ।

একদিন ক্রিশ্চিয়ান নিজের ফ্ল্যাটে সোনিয়া ও তার বন্ধু রুথকে স্প্যাগেটি খেতে আমন্ত্রণ জানান। রাজীবও সেখানে ছিলেন। খাবার কিনতে রাজীব ও ক্রিশ্চিয়ান বাইরে গেলে কয়েকজন অপরিচিত যুবক ফ্ল্যাটে এসে নিজেদের মধ্যে অচেনা ভাষায় কথা বলতে শুরু করেন। পরিস্থিতি বুঝতে না পেরে ভয় পেয়ে যান সোনিয়া।

পরে জানা যায়, তারা রাজীবেরই বন্ধু- অনীশ, মাইকেল ও সঞ্জীব। রাজীব খাবার নিয়ে ফিরে এলে তার ভয় কেটে যায়।

এভাবেই রাজীবের বন্ধুমহলের সাথে পরিচিত হতে থাকেন সোনিয়া। ভ্যালেন্টাইনস ডের অনুষ্ঠান, বন্ধুদের পার্টি, চায়ের আড্ডা, বইয়ের দোকানে ঘোরাঘুরি- সবকিছুতেই দুজনের উপস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে ওঠে।

রাজীবের একটি পুরোনো ফোক্সভাগেন বিটল গাড়ি ছিল। সেটি নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হতেন। গাড়ির অবস্থা এমন ছিল যে ভাঙা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকত। শীত থেকে বাঁচতে কখনো কম্বল জড়িয়ে বসতে হতো। পেট্রোলের খরচও সবাই মিলে ভাগ করে দিতেন।

তবু এসব অসুবিধা তাদের আনন্দে বাধা হয়ে দাঁড়ায়নি।

ভারতের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও কেমব্রিজে রাজীবের জীবন ছিল অনেকটাই সাধারণ ছাত্রদের মতো। বন্ধুদের সাথে সময় কাটানো, সীমিত অর্থে চলাফেরা, পুরোনো গাড়িতে বেড়াতে যাওয়া- এসবের মধ্যেই সোনিয়া তাকে কাছ থেকে চিনেছিলেন।

রাজীবের সাথে সম্পর্ক গভীর হওয়ার পাশাপাশি কেমব্রিজও বদলে যেতে থাকে সোনিয়ার কাছে। যে শহরে প্রথম এসে নিজেকে একা মনে হয়েছিল, সেখানে এখন অপেক্ষা করার মতো একজন মানুষ আছেন।

কিন্তু সেই আনন্দের মধ্যেও একটি উদ্বেগ তাকে তাড়া করে ফিরছিল।

বাবা জানতে পারলে কী হবে?

যে বাবাকে ভালোবাসতেন, আবার ভয়ও পেতেন

ইতালিতে সোনিয়ার বাবা স্তেফানো মাইনো ছিলেন কঠোর শৃঙ্খলাপরায়ণ মানুষ। সংসারে তার সিদ্ধান্তের গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। মেয়েদের পড়াশোনা, চলাফেরা কিংবা ভবিষ্যৎ- সবকিছু নিয়েই তার স্পষ্ট প্রত্যাশা ছিল।

স্তেফানোর জীবন গড়ে উঠেছিল সংগ্রামের মধ্য দিয়ে। ইতালির ভিচেন্সা প্রদেশের গ্রামীণ পরিবেশ থেকে উঠে এসে জীবিকার সন্ধানে তোরিনো অঞ্চলে পাড়ি দিয়েছিলেন। নানা কাজের পর নির্মাণ ব্যবসায় নিজের অবস্থান তৈরি করেন। ধীরে ধীরে পরিবারকে আর্থিক নিরাপত্তা দিতে সক্ষম হন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতাও ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ইতালীয় সেনাবাহিনীর সদস্য হিসেবে রাশিয়ায় গিয়েছিলেন তিনি। ১৯৪৩ সালে ভয়াবহ শীতের মধ্যে পশ্চাদপসরণের সময় বহু সহযোদ্ধাকে হারাতে হয়েছিল।

যুদ্ধ, অভাব আর কঠোর পরিশ্রমের অভিজ্ঞতা স্তেফানোর চরিত্রে গভীর ছাপ ফেলেছিল। সততা, শৃঙ্খলা এবং পরিবারের সম্মান রক্ষাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন।

তিন মেয়ের কাছে তিনি ছিলেন স্নেহশীল, কিন্তু কঠোর। তার ভালোবাসা নিয়ে সন্দেহ ছিল না কারও। তবে রাগের মুখোমুখি হওয়ার ভয়ও ছিল প্রবল।

কেমব্রিজে থাকা সোনিয়াকে মা পাওলিনা নিয়মিত চিঠি লিখতেন। রাতে একা বাইরে না যাওয়া, অপরিচিত মানুষের সাথে সতর্কভাবে মেলামেশা করা এবং নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখার কথা মনে করিয়ে দিতেন।

সোনিয়া জানতেন, রাজীবের সাথে সম্পর্কের কথা বাবার কানে পৌঁছালে পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। বাবা হয়তো তাকে ইংল্যান্ড থেকে ফিরিয়ে আনবেন।

তাই ভালোবাসার কথা গোপন রাখলেন তিনি।

ইস্টারের ছুটিতে ইতালিতে ফিরে পরিবারের সাথে সময় কাটালেও রাজীবের প্রসঙ্গ এড়িয়ে যান। বোনেরা জানতে চাইলেও সম্পর্কের কথা স্বীকার করেননি।

অথচ কেমব্রিজ থেকে দূরে থাকার দিনগুলোতে রাজীবের জন্য তার মন আরও ব্যাকুল হয়ে উঠছিল।

চিঠিতে ভালোবাসা, মনে অনিশ্চয়তা

তখনকার দিনে দূরদেশে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম ছিল চিঠি। টেলিফোনে কথা বলা সহজ ছিল না। ফলে আলাদা থাকলে সোনিয়া ও রাজীবকে অপেক্ষা করতে হতো একে অন্যের লেখা চিঠির জন্য।

রাজীব ভারত থেকে নিজের দিনযাপনের কথা লিখতেন। কোথায় গেছেন, কী দেখেছেন, কী করছেন- এসবের পাশাপাশি জানতে চাইতেন সোনিয়া তার বাবা-মাকে সম্পর্কের কথা বলেছেন কি না।

প্রশ্নটি সোনিয়ার জন্য অস্বস্তিকর ছিল।

তিনি রাজীবকে ভালোবাসতেন, কিন্তু বাবার প্রতিক্রিয়ার কথা ভেবে পিছিয়ে যাচ্ছিলেন। সম্পর্কের কথা জানানো মানে শুধু একজন প্রেমিকের পরিচয় দেওয়া নয়; এর সাথে জড়িয়ে ছিল নিজের ভবিষ্যৎ, পরিবার ছেড়ে দূরদেশে যাওয়ার সম্ভাবনা এবং সম্পূর্ণ ভিন্ন এক সংস্কৃতিতে জীবন গড়ার প্রশ্ন।

রাজীবের কাছেও বিষয়টি নিছক ছাত্রজীবনের সাময়িক সম্পর্ক ছিল না। তিনি সোনিয়ার সাথে ভবিষ্যৎ গড়ার কথা ভাবতে শুরু করেছিলেন।

আর সেই ভাবনা থেকেই নিজের পরিবারকে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন।

রাজীবের চিঠি পৌঁছাল ইন্দিরার কাছে

১৯৬৫ সালের মার্চে মা ইন্দিরা গান্ধীকে চিঠি লিখে রাজীব জানান, তিনি এক বিশেষ তরুণীর সাথে পরিচিত হয়েছেন।

পরের মাসেই বিষয়টি আরও স্পষ্ট করেন। সোনিয়াকে বিয়ে করার ইচ্ছার কথা জানান মাকে।

ইন্দিরা বিষয়টিকে হালকাভাবে নেননি। ছেলের বয়স তখন কম। প্রথম পরিচয়ের ভালোবাসাই জীবনের সবচেয়ে উপযুক্ত সম্পর্ক কি না, তা নিয়ে তার সংশয় ছিল।

কিন্তু রাজীবের প্রশ্নও ছিল সহজ- ভবিষ্যতে আরও উপযুক্ত কাউকে পাওয়া যাবে, সেটিই বা নিশ্চিত হওয়ার উপায় কী?

ইন্দিরা নিজেও ভালোবাসার জন্য পারিবারিক আপত্তির মুখোমুখি হয়েছিলেন। ১৯৪২ সালে ফিরোজ গান্ধীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে তাকে বিরোধিতা, সমালোচনা এমনকি হুমকিও সহ্য করতে হয়েছিল। ফলে ছেলের অনুভূতিকে পুরোপুরি অগ্রাহ্য করা তার পক্ষে সহজ ছিল না।

তবু তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন, রাজীবের পছন্দের মেয়েটি কে।

এ জন্য লন্ডনে ভারতের উপ-হাইকমিশনার পি এন হাকসার ও তার স্ত্রীর পরামর্শ নেন ইন্দিরা। এরপর সোনিয়া ও রাজীবকে তাদের বাসায় আমন্ত্রণ জানানো হয়।

সোনিয়া বুঝতে পারছিলেন, সম্পর্কটি এবার শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজীবের পরিবারও তাকে জানতে চাইছে।

একদিন যে তরুণীর কাছে কেমব্রিজের সবচেয়ে বড় সমস্যা ছিল ইংরেজি খাবারের সাথে মানিয়ে নেওয়া, তার সামনে এবার এসে দাঁড়িয়েছে অনেক বড় এক প্রশ্ন।

তিনি কি পারবেন ভারতের সবচেয়ে পরিচিত রাজনৈতিক পরিবারগুলোর একটির সদস্যদের সামনে নিজের জায়গা করে নিতে?

ইন্দিরা গান্ধীও সোনিয়ার সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করলেন।

সাক্ষাতের দিন যত এগিয়ে আসছিল, সোনিয়ার উদ্বেগ তত বাড়ছিল। রাজীবের মায়ের সাথে প্রথম দেখা- কী বলবেন, কেমন আচরণ করবেন, ইন্দিরা তাকে কীভাবে গ্রহণ করবেন- কিছুই বুঝে উঠতে পারছিলেন না।

অবশেষে সেই দিনও এল।

কিন্তু প্রথম সাক্ষাতের আগে এতটাই বিচলিত হয়ে পড়লেন সোনিয়া যে নির্ধারিত দিনে ইন্দিরার সামনে দাঁড়ানোর সাহসই পেলেন না। মাঝপথে গাড়ি থামিয়ে সাক্ষাৎ পিছিয়ে দিতে হলো।

অথচ পরদিন যে অভিজ্ঞতা তার জন্য অপেক্ষা করছিল, তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।

ভারতের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের এক নারীকে নিয়ে যে ভয় ও সংকোচ তার মনে জমেছিল, প্রথম সাক্ষাতেই তার অনেকটা বদলে যেতে শুরু করল।