৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠক করেছে। আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে চুক্তির মেয়াদ। এর আগে রবিবার (২২ নভেম্বর) ঢাকায় চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণকারী যৌথ কমিটির ৯১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে যৌথ নদী কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি সই হয়। চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এর বাস্তবায়ন পর্যবেক্ষণের লক্ষ্যে দুই দেশের জেআরসি সদস্যদের নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে রোববার পর্যন্ত ওই কমিটির ৯১টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নতুন চুক্তি কিংবা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হলো।
যৌথ নদী কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর যৌথ কমিটির প্রথম (৮৯তম) বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় (৯০তম) বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় রোববার ঢাকায় তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
যৌথ নদী কমিশন জানায়, ১৯৯৭ সাল থেকে এই যৌথ কমিটি গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন তৈরির কাজ করে আসছে।
এসব কাজের অংশ হিসেবে প্রতিবছর যৌথ কমিটির তিনটি বৈঠক হওয়ার কথা। এর মধ্যে একটি বৈঠক ফারাক্কায় সরেজমিন পরিদর্শন শেষে কলকাতায় এবং অন্যটি হার্ডিঞ্জ সেতু এলাকায় গঙ্গা বা পদ্মা নদী পরিদর্শন শেষে ঢাকায় অনুষ্ঠিত হয়।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সাথে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। ৪০ বছরের গড় প্রবাহের ভিত্তিতে পানির হিস্যা নির্ধারণের পাশাপাশি সংকটের সময় বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি সরবরাহের নিশ্চয়তা দেয়া হয়েছে।
চলতি বছরের ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে আলোচনার জন্য গত জুন থেকে বাংলাদেশ দুই দফায় আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ জানিয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের ওই অনুরোধে সাড়া দেয়নি দিল্লি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত এপ্রিলে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বাংলাদেশ সরকার। এরপর জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে আলোচনার প্রস্তাব দেয়। ওই অনুরোধের কথা উল্লেখ করে আগস্টে ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠানো হয়।


