...|...|...

বিশ্ব

ফের স্বর্ণের দামে বড় পতন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৫
Shares
ফের স্বর্ণের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের আভাস পেতে বিনিয়োগকারীরা এখন মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স  জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১৯ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন স্বর্ণের ফিউচারসের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১৯ ডলারে নেমেছে।

এর আগে গত ২১ নভেম্বর স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমেছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল সর্বনিম্ন দর। গত সপ্তাহে সব মিলিয়ে স্বর্ণের দাম কমেছিল প্রায় ৮ শতাংশ, যা গত মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

এদিকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পায়। বাংলাদেশ সময় সকাল ৬টা ২৩ মিনিটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৪৫ ডলার ২৯ সেন্টে।

বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডিএইচএফ ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা বাস কুইম্যান বলেন, গত সপ্তাহে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিতের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় পতন ঘটে। এ সময় লোকসান সামাল দিতে ও নগদ অর্থের জোগান বাড়াতে বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করেন। সেই চাপ কিছুটা কমলেও মুদ্রানীতি আরও কঠোর হওয়ার আশঙ্কায় স্বর্ণের দাম চাপে থাকতে পারে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে সুদবিহীন এই মূল্যবান ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৩ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৬ দশমিক ৫ শতাংশ। গত সেপ্টেম্বরে সর্বশেষ সুদের হার বাড়িয়েছিল ফেড।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস জানিয়েছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মুদ্রানীতি আরও কঠোর করার প্রয়োজন রয়েছে। তবে ভবিষ্যতে সুদের হার বৃদ্ধির গতি নির্ভর করবে আসন্ন অর্থনৈতিক তথ্যের ওপর।

আগামী বুধবার যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্য প্রকাশিত হবে। মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে ফেড এই সূচকের ওপর বিশেষ নজর রাখে।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ দশমিক ২৩ ডলার, প্লাটিনামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৮৮ দশমিক ৭৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।