...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে দুই শিশুসহ নিহত ৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৯
Shares
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে দুই শিশুসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে হর্ন আইল্যান্ডের কাছে সেসনা মডেলের বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, বিমানে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুসহ মোট ছয়জন ছিলেন। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে ব্যাপক তল্লাশি চালানো হয়।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে কোস্টগার্ড জানায়, প্রায় চার ঘণ্টার অনুসন্ধান শেষে ডুবুরিরা বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে ছয় আরোহীর মরদেহ উদ্ধার করেন।

ওই অঞ্চলের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সমন্বয়ক কমান্ডার ট্রেভর ব্লাউন্ট ঘটনাটিকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এমন পরিণতি কেউই চাননি। তবে বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় দ্রুত আরোহীদের সন্ধান পাওয়া গেছে এবং পরিবারগুলো তাদের প্রিয়জনদের কাছে ফিরে যেতে পেরেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রাথমিকভাবে জানিয়েছে, সেসনা ২১০ মডেলের বিমানটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মিসিসিপির পাসকাগৌলার দক্ষিণ-পশ্চিমে বিধ্বস্ত হয়।

কোস্টগার্ডের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এফএএ টাওয়ার জানায় যে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কোস্টগার্ড আরও জানিয়েছে, বিমানটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট গতিতে নিচে নামছিল। শেষ পর্যন্ত এটি হর্ন আইল্যান্ডের প্রায় দুই মাইল উত্তর-পূর্বে বিধ্বস্ত হয়।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি নিউ অরলিন্স থেকে উড্ডয়ন করেছিল এবং ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার কারণ জানতে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত করবে।