ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের কারণে ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
আদানি পাওয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবেই আগে থেকে এই কার্যক্রম নির্ধারিত ছিল। গোড্ডার এই বিদ্যুৎকেন্দ্রে মোট দুটি ইউনিট রয়েছে, যেগুলোর সম্মিলিত উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। এর মধ্যে একটি ৮০০ মেগাওয়াটের ইউনিট বন্ধ থাকলেও অন্য ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।
এই কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি পাওয়ার। রক্ষণাবেক্ষণের জন্য ইউনিট বন্ধ রাখার বিষয়ে প্রতিষ্ঠানটি গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছ থেকে সময় নিয়েছিল।
ফলে ২৫ দিনের জন্য কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতার অর্ধেক বন্ধ থাকবে।
পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই সময় আদানি পাওয়ার থেকে বাংলাদেশ ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছে।
আজ বেলা ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। একই সময়ে জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীত মৌসুমে বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম। তাই আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সমস্যা হবে না বলে মনে করছে পিডিবি।
তবে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেলে পরিস্থিতি বদলাতে পারে। সে ক্ষেত্রে লোডশেডিং বাড়ার আশঙ্কাও রয়েছে।


