খুলনা নগরীর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশ্য দিবালোকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন। তবে তাকে অপহরণ করা হয়েছিল কি না, তা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে তন্ময় কুমার মণ্ডলকে একটি মোটরসাইকেলে করে ভৈরব নদের জেলখানা ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হয়ে ওঠেন। এর প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন।
কার্যালয়ে ফিরে উপস্থিত সাংবাদিকদের তন্ময় কুমার মণ্ডল বলেন, তাকে কেউ অপহরণ করেনি।
তবে পুলিশের বক্তব্যে ঘটনার ভিন্ন চিত্র পাওয়া গেছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এ ঘটনায় কারা জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে। তন্ময় মণ্ডলের সাথে পুলিশের কথা হয়েছে। তবে তিনি এখনও ট্রমার মধ্যে থাকায় ঘটনার বিষয়ে সঠিকভাবে কোনো তথ্য বা অভিযোগ দিতে পারেননি।
পুলিশ জানায়, কাগজপত্র দেখানোর কথা বলে তন্ময় কুমার মণ্ডলকে তার ইচ্ছার বিরুদ্ধে খুলনা নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি রহস্যজনক হওয়ায় এর সাথে কারা জড়িত এবং কী কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পর নগরীর গুরুত্বপূর্ণ এই অফিসপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার বিভিন্ন দিক যাচাই করা হচ্ছে।
তন্ময় কুমার মণ্ডল অপহরণের বিষয়টি অস্বীকার করলেও তার ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে যাওয়ার অভিযোগটি গুরুত্ব দিয়ে অনুসন্ধান করছে পুলিশ। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও এর সাথে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


