...|...|...

সারাদেশ

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তালতলীর জেলেদের কপালে চিন্তার ভাঁজ

তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৬
Shares
ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তালতলীর জেলেদের কপালে চিন্তার ভাঁজ

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ বুধবার মধ্যরাত থেকে বরগুনার তালতলী উপজেলার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদী সংলগ্ন উপকূলসহ বঙ্গোপসাগরে শুরু হচ্ছে টানা ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার এ সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

মৌসুমের শুরু থেকেই নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় চরম অর্থনৈতিক সংকটে রয়েছেন তালতলী উপজেলার নিশানবাড়িয়া, সোনাকাটা ও বড়বগীসহ বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নিবন্ধিত ও অনিবন্ধিত জেলে। টানা ২২ দিন মাছ ধরতে না পারায় সম্পূর্ণ বেকার হয়ে পড়ার আশঙ্কায় পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।

তালতলীর জেলেরা জানান, গত কয়েক মাস ঠিকমতো মাছ শিকার করতে না পারায় অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে ২২ দিনের নিষেধাজ্ঞায় আয়-রোজগার বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে আরও সংকটে পড়তে হবে। তাই এই সংকটময় সময়ে না খেয়ে দিন কাটানোর উপক্রম এড়াতে সরকারি সহায়তার চাল যথাসময়ে ও দ্রুত বিতরণের দাবি জানিয়েছেন তারা।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞাকালীন জেলেদের জন্য ভিজিএফ (VGF) চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তা দ্রুত বিতরণের প্রক্রিয়া চলছে।

নিষেধাজ্ঞা সফল করতে তালতলীর পায়রা নদী ও সংলগ্ন সাগরে কোস্টগার্ড, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযান ও নিয়মিত টহল চলবে। আইন অমান্য করে মা ইলিশ শিকার করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।