প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস সহকারী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে নাটোরের সিংড়া থেকে আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপিতে পদ ও মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এর আগে শুক্রবার রাতে সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু হুরায়রা সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার জিয়াদুল ইসলামের ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে রেডিও টেকনিশিয়ান হিসেবে সরকারি চাকরি করেন। সেখানে কর্মরত অবস্থায় একই ধরনের প্রতারণার মামলায় তিনি সাময়িক বরখাস্ত হন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, আবু হুরায়রা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস সহকারী পরিচয়ে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যোগাযোগ করতেন। পরে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপিতে পদায়ন ও মনোনয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা নিতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ সংগ্রহ করতেন।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সিংড়া থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রতারণার সাথে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


