...|...|...

বিশ্ব

নির্বাসন শেষে নিজ দেশে ফিরলেন নোবেলজয়ী মাচাদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সকাল ৭:২৪
Shares
নির্বাসন শেষে নিজ দেশে ফিরলেন নোবেলজয়ী মাচাদো

ছবি : সংগৃহীত

১০ মাসের বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। রবিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এক্সে দেওয়া পোস্টে মাচাদো লেখেন, “আমি এখানে। আপনাদের সঙ্গে।”

মাচাদোর দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন তার মিত্র ও নির্বাসিত প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গনজালেসও। এক পোস্টে তিনি জানান, তাদের নেতা মারিয়া কোরিনা এখন ভেনেজুয়েলার মাটিতে। দিনটিকে ভেনেজুয়েলাবাসীর জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে গনজালেস লেখেন, দেশের সার্বভৌম কণ্ঠস্বর ফিরে এসেছেন। দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নিতে শিগগিরই মাচাদোর সাথে যোগ দেবেন বলেও জানান তিনি।

২০২৫ সালের ডিসেম্বরে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে গোপনে ভেনেজুয়েলা ছাড়েন মাচাদো। এরপর থেকে দেশের বাইরে ছিলেন তিনি। তার দলের কয়েকজন সহযোগীর দাবি, দেশে ফেরার জন্য অন্তত সাতবার চেষ্টা করেছিলেন মাচাদো। তবে প্রতিবারই ভেনেজুয়েলার কর্তৃপক্ষ তার ফেরার পথে বাধা দেয়।

মাচাদো নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে যাওয়ার প্রায় এক মাস পর, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। পরে ফৌজদারি অভিযোগে বিচারের জন্য তাকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।

মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানকে স্বাগত জানিয়েছিলেন মাচাদো। তবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্বের প্রশ্নে যুক্তরাষ্ট্র তার পরিবর্তে মাদুরোর সাবেক ডেপুটি ডেলসি রদ্রিগেজকে সমর্থন দেয়। মাদুরোর ক্ষমতাচ্যুতির পর থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন রদ্রিগেজ।

মাচাদোর দেশে ফেরা এমন এক সময়ে ঘটল, যখন ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা চলছে। তবে অন্তর্বর্তী সরকার ও বিরোধী পক্ষের একটি অংশের মধ্যে চলমান আলোচনায় মাচাদোর রাজনৈতিক আন্দোলন অন্তর্ভুক্ত নেই। দেশে ফিরে বিরোধী রাজনীতিতে তিনি কী ভূমিকা রাখেন, এখন সেদিকেই নজর থাকবে।