...|...|...

বিশ্ব

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আরব আমিরাত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১১
Shares
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আশা করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে পরিস্থিতির অবনতি হলে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ।

বাহরাইনে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগে’ বক্তব্য দিতে গিয়ে আনোয়ার গারগাশ বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে অগ্রগতি অর্জনের সম্ভাবনা রয়েছে বলে তারা আশাবাদী।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটি যুদ্ধ শুরু হলে তা এ অঞ্চলের জন্য কোনো সুফল বয়ে আনবে না। তবে অতীতের মতো এবারও যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত প্রস্তুত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এবং নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। একই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতাও বাড়ছে।

শুক্রবার কাতারের মধ্যস্থতাকারীরা তেহরানে ইরানি কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন। এর আগে শনিবার আবুধাবিতেও এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যেকোনো হুমকি বা হামলার তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন। এ ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখার বিষয়টিও বিবেচনায় না নেওয়ার কথা বলা হয়েছে।

এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রাখছে আঞ্চলিক দেশগুলো।