যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় ও ট্রাম্পের হারে ডলারের দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম এক লাফে ৩ শতাংশ বেড়েছে। একই সাথে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানসংক্রান্ত তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এসব তথ্য থেকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার নীতির বিষয়ে নতুন ধারণা পাওয়া যেতে পারে।
বুধবার (৪ নভেম্বর) গ্রিনিচ মান সময় সকাল ১০টা ৫০ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১ ডলার ৭৭ সেন্টে দাঁড়ায় (১ ভরির দাম= প্রায় ১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা) ।
এর আগে দিনের লেনদেনে স্বর্ণের দাম ২৯ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। একই সাথে ১৯ আগস্টের পর এক দিনে স্বর্ণের সবচেয়ে বড় দরবৃদ্ধির পথে ছিল মূল্যবান এই ধাতু। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ ডলার ৭০ সেন্টে দাঁড়িয়েছে।
ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ জলবায়ু ও পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হোসাইন বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রেখেছে। নির্বাচনের ফলাফলের পর বিনিয়োগকারীদের মধ্যে দেশটির রাজস্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। রাজস্বসংক্রান্ত ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ অন্যান্য মূল্যবান ধাতুর দাম বাড়াতেও সহায়তা করছে।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বুধবার ডলারের দর উল্লেখযোগ্যভাবে কমে যায়। সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয় দলটি। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো রিপাবলিকানদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কয়েকটি এলাকাতেও জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। লাখো ভোটারের রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অসন্তোষের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ, প্রতি আউন্স ১ হাজার ৪৬০ ডলার ৪৫ সেন্ট। আর প্যালাডিয়ামের দাম ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯৯২ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।


