...|...|...

বিশ্ব

টানা ধসের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩১
Shares
টানা ধসের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ইরান যুদ্ধের উত্তেজনা কমতে পারে—এমন গুঞ্জনে চলতি সপ্তাহে জ্বালানি তেলের দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তৈরি হওয়া বৈশ্বিক সরবরাহ সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য এখনও শক্ত অবস্থানে টিকে আছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১ টা ৪ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে আগামী জানুয়ারিতে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্স সূচক ১.২৯ ডলার বা ১.৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৯.৫৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার্স সূচক ৮৬ সেন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৩৮ ডলারে গিয়ে দাঁড়িয়েছে।

টানা দ্বিতীয় দিনের মতো উভয় চুক্তিতে তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সামগ্রিকভাবে চলতি সপ্তাহে তেলের বাজার দরপতনের ধারায় রয়েছে।

গত ৩০ অক্টোবর ডিসেম্বরের তেলের চুক্তি বা কন্ট্রাক্টের মেয়াদ শেষ হওয়ার পর এই চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের চুক্তি প্রায় ১২ শতাংশ পতনের মুখে রয়েছে। একই সময়ে ডব্লিউটিআই ফিউচার্স চুক্তিতেও ১২.১ শতাংশ সামগ্রিক দরপতনের আশঙ্কা তৈরি হয়েছে।