ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে রাতভর মার্কিন হামলায় কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে তেহরান।
সোমবার (৯ নভেম্বর) দেশটির একজন প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় দ্বীপটির আবাসিক ও বাণিজ্যিক এলাকা কিংবা জরুরি সেবার স্থাপনাগুলোরও কোনো ক্ষতি হয়নি।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপগভর্নর আহমাদ নাফিসি এসব তথ্য জানিয়েছেন।
নাফিসি বলেন, হামলার লক্ষ্যবস্তুগুলো আবাসিক ও বাণিজ্যিক এলাকা এবং জনসেবামূলক স্থাপনা থেকে দূরে অবস্থিত। ফলে দ্বীপটির গুরুত্বপূর্ণ অবকাঠামো কিংবা অত্যাবশ্যকীয় সেবাব্যবস্থার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, কেশম দ্বীপের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবাদানকারী সংস্থা, জনসেবা প্রতিষ্ঠান ও প্রশাসনিক দফতরগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
অবশ্য হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই কর্মকর্তা।
এর আগে রবিবার সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাস ও পার্শ্ববর্তী কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।
প্রাথমিকভাবে স্থানীয় সূত্রের বরাতে ফার্স জানিয়েছিল, হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিয়ম লঙ্ঘনের সন্দেহে কয়েকটি জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে বিস্ফোরণের শব্দ হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি ইরানি কর্তৃপক্ষ।
বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থিত কেশম দ্বীপ কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল রফতানির একটি উল্লেখযোগ্য অংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।
হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নির্বিঘ্ন নৌচলাচল নিশ্চিত করা নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংঘাত প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সাম্প্রতিক বিস্ফোরণ ও হামলার ঘটনায় দুই দেশের মধ্যকার উত্তেজনা এখনও কাটেনি।


