বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রণালীতে চলাচলকারী চারটি ট্যাংকার থামিয়ে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরআইবি জানায়, হামলা চালিয়ে চারটি ট্যাংকারের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জাহাজগুলোর পরিচয়, সুনির্দিষ্ট অবস্থান কিংবা কীভাবে সেগুলোকে থামানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে নিজেদের আরোপিত বিধিনিষেধ কার্যকর করতে গিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
তেহরানের দাবি, হরমুজ প্রণালীর উত্তর অংশে ইরানের উপকূলসংলগ্ন নৌপথ ব্যবহার করতে হলে সব বাণিজ্যিক জাহাজকে দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করতে হবে। এই নিয়ম মেনেই জাহাজগুলোকে চলাচল করতে হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র প্রণালীর দক্ষিণাঞ্চলীয় নৌপথকে নিরাপদ ও উন্মুক্ত বলে দাবি করে আসছে। তবে ওই পথ ব্যবহারকারী কয়েকটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, জাহাজগুলো দক্ষিণের নৌপথ দিয়ে চলাচল করছিল।
গত কয়েক সপ্তাহে ইরানি কর্তৃপক্ষ একাধিকবার দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহারকারী বেশ কয়েকটি জাহাজ সমুদ্রে পেতে রাখা মাইনের বিস্ফোরণের শিকার হয়েছে। এসব ঘটনায় কয়েকটি জাহাজে আগুন ধরে যাওয়ার কথাও জানিয়েছে তারা।
তবে জাহাজে হামলা ও বিস্ফোরণের খবরের মধ্যেও হরমুজের দক্ষিণের নৌপথ নিরাপদ এবং জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে বলে দাবি করছে ওয়াশিংটন।
একই সময়ে ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত মার্কিন সামরিক অবরোধ কার্যকর রাখতে তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র। অবরোধ লঙ্ঘনের অভিযোগে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
ওয়াশিংটনের দাবি, ইরানের তেল ও প্রাকৃতিক গ্যাস বিক্রি বন্ধ করতেই দেশটির বন্দর ও জাহাজের ওপর এই নৌ অবরোধ আরোপ করা হয়েছে।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালীর পূর্বদিকে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজকে চলাচলের অনুপযোগী করে দিয়েছে মার্কিন বাহিনী।
সেন্টকমের দাবি, জাহাজটির নাবিকদের বারবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করেন। এমনকি একাধিকবার ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ ভেঙে চলাচলের চেষ্টা করেন। এর পরই জাহাজটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
হরমুজ প্রণালীতে দুই দেশের পাল্টাপাল্টি সামরিক তৎপরতা অব্যাহত থাকায় গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


