ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ কোনো পাসপোর্ট দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশ তাকে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায়।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি ও হত্যাকারী হিসেবে তার এ ধরনের আবেদন করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। শুধু অর্থের বিনিময়ে কোনো লবিস্ট তার পক্ষে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে ঢাকা।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার আবেদন করেছেন শেখ হাসিনা।
প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার নেওয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুই বছরেরও বেশি সময় আগে রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মুখে তার দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে।


