...|...|...

জাতীয়

ডেঙ্গুতে তিন দিনে ২ ছেলেকে হারিয়ে দিশেহারা মা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৪ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৬
Shares
ডেঙ্গুতে তিন দিনে ২ ছেলেকে হারিয়ে দিশেহারা মা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হিলভিউ ১ নম্বর সড়কের বাসায় ১০ দিন পর ফিরেছে ১০ মাস বয়সী শিশু আবু বক্কর আরব। তবে এবার আর জীবিত নয়, সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহ হয়ে। ছেলেকে শেষবারের মতো দেখতে বাসায় আনা হলেও কাছে যেতে পারছেন না মা আমেনা বেগম। স্বজনদের ভাষ্য, দুই সন্তানকে হারানোর শোকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। অসংলগ্ন আচরণ করছেন, বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরব গতকাল রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে সোয়া ১টার দিকে মা-শিশু জেনারেল হাসপাতালে মারা যায়। এর আগে গত শুক্রবার একই উপসর্গ নিয়ে মারা যায় তার ১০ বছর বয়সী বড় ভাই মোহাম্মদ আরাফাত। মাত্র তিন দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে দিশেহারা হয়ে পড়েছেন তাদের মা-বাবা।

সোমবার সকালে বাবা মোহাম্মদ কবিরের কোলে করে আরবের মরদেহ বাসায় নেওয়া হয়। সাথে ছিলেন কবিরের মা রহিমা বেগম। এ সময় আমেনা বেগম ছিলেন তার বোনের বাসায়। ছেলেকে শেষবারের মতো দেখানোর জন্য তাকে বাসায় আনা হয়।

কবির বলেন, ‘আমার স্ত্রী পাগল হয়ে গেছেন। আজ আরবকে আনার পর তাকে ডেকে আনা হয়। সে পালিয়ে যাচ্ছে বারবার। বলছে, এখানে কেউ আছে। আমাকেও সে চিনতে পারছে না। একসাথে দুই সন্তান হারানোর পর কার মাথা ঠিক থাকে বলেন।’

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে বড় ছেলে আরাফাতের জ্বর আসে। প্রথমে বাসায় তার চিকিৎসা চলছিল। পরে তাকে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, সাউর্দান হাসপাতাল এবং এরপর ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। আর্থিক সংকটের কারণে ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে পরে তাকে মা-শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এর কয়েক দিন পর অসুস্থ হয়ে পড়ে ছোট ছেলে আরবও। তাকেও সাউর্দান ও মেরিন সিটি হাসপাতাল ঘুরে মা-শিশু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই ভাইয়ের চিকিৎসা চলছিল।

শুক্রবার সকালে মারা যায় আরাফাত। ওই দিন বিকেলে মোমেনবাগ আবাসিক এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে হাসপাতালে আরবের কাছে ছুটে যান কবির। তখন শিশুটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। রবিবার রাত সোয়া ১টার দিকে চিকিৎসকেরা আরবকে মৃত ঘোষণা করেন।

সোমবার বড় ভাই আরাফাতের পাশেই আরবকে দাফন করা হয়েছে। দুই সন্তানকে হারিয়ে শূন্য হাতে বাসায় ফিরেছেন কবির। একটি ওষুধ কোম্পানিতে লোডার হিসেবে কাজ করেন তিনি। তার বাড়ি ময়মনসিংহে। দুই ছেলের চিকিৎসায় চার লাখ টাকার বেশি খরচ হয়েছে। এ জন্য অনেক ধারদেনাও করতে হয়েছে তাকে।

কবির জানান, বড় ছেলের মৃত্যুর পর থেকেই আমেনা চুপচাপ হয়ে যান। হাসপাতালে আর যাননি। মাঝেমধ্যে কান্নাকাটি করতেন। ছোট ছেলেকেও হারানোর পর তার আচরণ আরও বদলে গেছে। বর্তমানে তিনি বোনের বাসায় থাকছেন।

দুই সন্তানকে হারানোর শোকের মধ্যেই স্ত্রীর এমন পরিস্থিতি সামলাতে হচ্ছে কবিরকে। নিজের শোক প্রকাশের সুযোগটুকুও যেন পাচ্ছেন না তিনি।