...|...|...

জাতীয়

রোগীর সাথে খারাপ আচরণ করলে পরকালে জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২৭
Shares
রোগীর সাথে খারাপ আচরণ করলে পরকালে জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

রোগীদের সাথে চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রোগীকে যথাযথ সেবা না দেওয়া কিংবা তার সাথে খারাপ আচরণ করলে পরকালে এর জবাবদিহি করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হলেও বাস্তব পরিস্থিতি বিবেচনায় চিকিৎসাসেবার মান উন্নয়নে আরও সচেতন হতে হবে। অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোগীদের প্রতি অবহেলা ও অসদাচরণের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আল্লাহ কখনো অসহায় মানুষের বেশে, আবার কখনো রোগীর বেশে মানুষের কাছে আসেন। তখন মানুষ তাদের সাথে কেমন আচরণ করে, তা দেখেন। কোনো অসহায় মানুষ খাবার চাইতে এলে তাকে ফিরিয়ে দেওয়া কিংবা চিকিৎসার জন্য আকুতি জানানো রোগীকে অবহেলা করার পরিণতি সম্পর্কে পরকালে জবাব দিতে হবে।

তিনি বলেন, শুধু নামাজ-রোজা নয়, মানুষের সাথে ভালো আচরণ ও বিপদে সেবা করার বিষয়টিও পরকালে গুরুত্বপূর্ণ হবে। মানুষের কল্যাণে করা কাজই মৃত্যুর পর কাজে আসবে।

হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, অনেক হাসপাতালের খাবারের মান ভালো। নিজেরও সেসব খাবার খাওয়ার অভিজ্ঞতা রয়েছে। খাবারের মান নিয়ে নিজের পরিবারের রান্নার সাথে তুলনা করেও মন্তব্য করেন তিনি।

এদিকে শিশুদের হামের সংক্রমণ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই মাসের কম বয়সী অনেক শিশুও হামে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের কেউ মারা যাচ্ছে, আবার অনেকে সুস্থও হয়ে উঠছে।