...|...|...

বিশ্ব

৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৫
Shares
৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি

ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। এক সপ্তাহের অভিযানে ১১ হাজার ৫৮৭টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে। একই সময়ে বিভিন্ন দেশের ৯ হাজার ৫৮৯ জন অনিয়মিত অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সির বরাতে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবাসন আইন লঙ্ঘনের ৬ হাজার ৪৩টি, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ৩ হাজার ১৯১টি এবং শ্রম আইন লঙ্ঘনের ২ হাজার ৩৫৩টি ঘটনা শনাক্ত হয়েছে।

অভিযানে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী। পাশাপাশি অনুমতি ছাড়া দেশত্যাগের চেষ্টার অভিযোগে আরও ১৮ জনকে আটক করা হয়।

এ ছাড়া অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা করে সহায়তা করার অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী।

আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্যদিকে ৯ হাজার ১৩৯ জনকে দেশে ফেরার ব্যবস্থা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, দেশের ভেতরে পরিবহন, আশ্রয় কিংবা অন্য কোনো সুবিধা দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

পাশাপাশি এসব অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।

সৌদি কর্তৃপক্ষ এসব কর্মকাণ্ডকে গুরুতর ও গ্রেফতারযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।