যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক নীতি পরিবর্তনের বিষয়ে নতুন বার্তা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, দেশের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলে পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে তারা প্রস্তুত রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ কথা বলেন। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ তার বক্তব্য প্রকাশ করেছে।
মোহেব্বি জানান, ইরানের পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আনা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির শীর্ষ নেতৃত্বের। নির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে আইআরজিসি।
তবে তার এই বক্তব্যের অর্থ এই নয় যে, ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি না করার দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসেছে। পারমাণবিক নীতি পরিবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথাও জানাননি তিনি। এমনকি নীতি পরিবর্তন করা হলে সেটির ধরন কী হবে, সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেননি।
এর আগে গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মহসেন রেজাই জানিয়েছিলেন, দেশটির পারমাণবিক নীতিতে কিছু পরিবর্তনের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে তখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছিলেন তিনি।
আইআরজিসির মুখপাত্রের সর্বশেষ বক্তব্যকে রেজাইর ওই মন্তব্যের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই বলেও বারবার জানিয়েছে তেহরান।


