বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রিজ ও এসি মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ শেষে ১৯ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলায় আয়োজিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে এসব সনদ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলা প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করে।
গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ ৩০ সেপ্টেম্বর শেষ হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণদের ফ্রিজ ও এসি মেরামত, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে।
স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়।


