জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রবিবার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির শুক্রবার (২ অক্টোবর) দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা, চন্দনটুলা এবং আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া এয়ারপোর্ট রোড এলাকায় ২, ৩ ও ৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। আবিকা সিলেট-উত্তরের নিয়ন্ত্রণাধীন এলাকায় এসব কাজ পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কারিগরি জটিলতা কিংবা আবহাওয়াজনিত কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ডি সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত বলেন, জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের কারণে শনিবার রাত ৯টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের সহযোগিতা কামনা করেন তিনি।


