মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের জোড়ার হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১টা ১৫ মিনিটের দিকে লাউয়াছড়া বন এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর।
তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া বন অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের দুটি বগির মাঝের জোড়ার হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটি দুই ভাগ হয়ে যায় এবং ওই রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। মেরামত শেষ না হওয়া পর্যন্ত সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।


