ইউক্রেনীয় যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে সম্পূর্ণ নিরাপদ স্থানে চাকরি এবং বছরে আড়াই মিলিয়ন বা থাই বাত বেতনের লোভনীয় প্রস্তাব দিয়ে থাইল্যান্ডের নাগরিকদের রাশিয়ার সামরিক বাহিনীতে চুক্তির ভিত্তিতে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউএনএন-এর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম ‘দ্য মস্কো টাইমস’ এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সামাজিক মাধ্যমগুলোতে রুশ সেনাবাহিনীতে লোক নিয়োগের জন্য এসব বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। ‘টি২আর – প্রোমো’ নামক একটি এজেন্সি ২০ থেকে ৫৮ বছর বয়সী থাই নাগরিকদের বার্ষিক চুক্তির প্রস্তাব দিচ্ছে। চাঞ্চল্যকর বিষয় হলো, এই চুক্তির জন্য কোনো ধরনের সামরিক অভিজ্ঞতার বা রুশ ভাষা জানারও প্রয়োজন নেই বলে দাবি করা হচ্ছে।
কী ধরনের কাজের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে?
নিয়োগকারী এজেন্টদের দাবি, থাই নাগরিকদের মূলত কৌশলগত স্থাপনা পাহারা দেওয়া, লজিস্টিকস, কারিগরি সহায়তা এবং ড্রোন সংক্রান্ত কাজে নিয়োজিত করা হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, এক বছরের সেবার বিনিময়ে ২৫ লাখ থাই বাত, রাশিয়ায় বিনামূল্যে যাতায়াতের বিমান টিকিট, থাকা ও খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এমনকি চুক্তির মেয়াদ সফলভাবে শেষ করার পর তারা রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পাবেন বলেও আশ্বস্ত করা হচ্ছে।
এজেন্সির প্রতিনিধিরা সাংবাদিকদের জানিয়েছেন, নতুন নিয়োগপ্রাপ্তদের ইউক্রেন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত ট্রান্স-বাইকাল অঞ্চলের ‘জাবাইকালস্কি ক্রাই’-এর একটি সামরিক ইউনিটে পাঠানো হবে। তবে চুক্তি স্বাক্ষর না করা পর্যন্ত সুনির্দিষ্ট পদ বা ইউনিট কোনটি হবে, তা চূড়ান্ত করা হয় না।
এদিকে, রুশ সেনাবাহিনীর এক প্রতিনিধি স্বীকার করেছেন যে, বিদেশি নাগরিকদের ড্রোন মোকাবিলা, রসদ সরবরাহ ও সামরিক স্থাপনা সুরক্ষার কাজে ব্যবহার করা হতে পারে। তবে তিনি এও স্বীকার করেছেন যে, চুক্তির আগে নির্দিষ্ট কোনো ধরনের চাকরির শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
প্রকাশিত এসব বিজ্ঞাপনী তথ্য এবং সাংবাদিকদের সাথে নিয়োগ প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতেই এই চাঞ্চল্যকর খবরটি সামনে এসেছে। তবে এ বিষয়ে থাইল্যান্ডের কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।


