ভারত ও নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতের উত্তর প্রদেশে ৫৬ জন এবং নেপালে ১২ জন মারা গেছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উত্তর প্রদেশে শুক্রবার থেকে রবিবার সকাল পর্যন্ত ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৭ দশমিক ৬ মিলিমিটার। অতিবৃষ্টিতে ১ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৪৬ জন আহত হয়েছেন।
এদিকে ওড়িশায় ভারী বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে যাওয়ায় ৭০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির সাতটি রাজ্যের ৩০টি নদী পর্যবেক্ষণ কেন্দ্রকে সংকটজনক অবস্থায় রাখা হয়েছে। গঙ্গা, গণ্ডক, কোশী, বাগমতী ও নর্মদাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে নেপালে বৃহস্পতিবার থেকে বন্যা ও ভূমিধসে ১২ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন। দেশটির ৭৭ জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে রাহু গঙ্গা নদীর পানি উপচে পড়ে একটি ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামো ও সঞ্চালন লাইনের টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।


