‘ওয়ানডে ক্রিকেটের আয়ু শেষ’—সমালোচকদের এমন বার্তা ভুল প্রমাণ করতে একটি ‘সুপার সানডে’-ই বোধহয় যথেষ্ট। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) একই দিনে বিশ্বের তিন মহাদেশে প্রায় একই সময়ে শুরু হয়েছে রোমাঞ্চকর তিনটি ওয়ানডে ম্যাচ, যার সাক্ষী হয়ে রইল সেঞ্চুরির বন্যা।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্বাগতিকদের মুখোমুখি অস্ট্রেলিয়া, এশিয়ার কেরালার তিরুবনন্তপুরমে প্রথম ওয়ানডেতে লড়ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ, আর ইউরোপের ওভালে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা।
এই তিন ম্যাচে মাত্র ২ ঘণ্টা ১৬ মিনিটের ব্যবধানে দেখা মিলেছে চারটি নান্দনিক সেঞ্চুরির।
জোহানেসবার্গে টেম্বা বাভুমা (বিকেল ৩:৫০) ও ডেভিড মিলারের (বিকেল ৪:২৫) জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৩৬৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
তিরুবনন্তপুরমে জাস্টিন গ্রিভসের শতকে (বিকেল ৫:০৯) ভারতকে ২৯৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে লন্ডনে শ্রীলঙ্কার বিপক্ষে টম ব্যান্টনের সেঞ্চুরিতে (সন্ধ্যা ৬:০৬) বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড।
তিন মহাদেশজুড়ে দেড় থেকে দুই ঘণ্টার ব্যবধানে ব্যাটারদের এমন তাণ্ডব ৫০ ওভারের ক্রিকেটে এক অনন্য রোমাঞ্চ যোগ করল।


