...|...|...

খেলা

শচিনকে টপকে কোহলির বিশ্বরেকর্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৮
Shares
শচিনকে টপকে কোহলির বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

শচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়েছেন ভারতের ব্যাটিং আইকন বিরাট কোহলি। মাত্র ৩০৩ ইনিংসে ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। শচিনকে ছাড়িয়ে দ্রুততম ব্যাটার হিসেবে এই বিশ্বরেকর্ড নিজের নামে লিখে নিলেন ভারতের সাবেক এই অধিনায়ক।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) কেরালার তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে কোহলির প্রয়োজন ছিল ৫৯ রান। ম্যাচের মাঝপথে প্রয়োজনীয় রান তুলে নেওয়ার মুহূর্তেই ইতিহাস তৈরি হয়।

এর আগে শচীন এই মাইলফলকে পৌঁছাতে খেলেছিলেন ৩৭৭টি ইনিংস, যা থেকে ৭৪ ইনিংস কমেই রেকর্ডটি নিজের করে নিলেন কোহলি। শচীনের পর ওয়ানডে ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের ক্লাবে পা রাখলেন তিনি।

কোহলির ঐতিহাসিক দিনে ভারত ওয়েস্ট ইন্ডিজকে লক্ষ্য বেঁধে দিয়েছে ২৯৬ রানের। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান সংগ্রহ করে। ক্যারিবীয় ব্যাটার জাস্টিন গ্রিভস ১০৮ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১০১ রান করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ঝুলিতে তোলেন।

ওপেনার জন ক্যাম্পবেলের (৬২) সাথে ১৯.২ ওভারে ১৩৫ রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের পথেই ছিল দলটি।

তবে কুলদীপ যাদবের বোলিং তোপে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় ভারত। ৪০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কুলদীপ। একপর্যায়ে ১ উইকেটে ১৭৬ থেকে ১৯৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। শেষ দিকে আমির জাঙ্গুর ৪৩ বলে ইনিংস সামাল দেওয়া অপরাজিত ৫৮ রানের ওপর ভর করে তিনশর কাছাকাছি পৌঁছায় ক্যারিবীয়রা।