...|...|...

বিশ্ব

ভারতে যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৩
Shares
ভারতে যুদ্ধবিমান-ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) ব্যাপক বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে প্রদর্শিত একটি মিগ-২৩ইউএম যুদ্ধবিমান ও সামরিক ট্যাংকের ওপর শিক্ষার্থীদের উঠে পড়ার দৃশ্য দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে শত শত শিক্ষার্থী বিক্ষোভে জড়ো হন। হোস্টেলে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজনা তৈরি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর এক ছাত্রীকে ধর্ষণ করা হয় এবং বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটিকে গুজব বলে অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে ফরেনসিক পরীক্ষা, সিসিটিভি ফুটেজ ও ফোন কলের তথ্য বিশ্লেষণ করা হবে।

বিক্ষোভের সময় ক্যাম্পাসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে। শিক্ষার্থীরা জলন্ধর-ফাগওয়ারা জাতীয় সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে কান না দিয়ে আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।