...|...|...

বিশ্ব

ইয়েমেনের বাজারে সৌদির বিমান হামলায় হতাহত ৫০

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০৭
Shares
ইয়েমেনের বাজারে সৌদির বিমান হামলায় হতাহত ৫০

ছবি: সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের একটি বাজারে হামলায় অন্তত ৭ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। রবিবারের এ হামলায় আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনের দাবি, সৌদি যুদ্ধবিমান তায়েজের মাওইয়া এলাকার একটি বাজারের বাণিজ্যিক দোকানগুলোতে হামলা চালায়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারিও দাবি করেছেন, একই এলাকায় সৌদি যুদ্ধবিমান দুটি হামলা চালিয়েছে।

তবে হামলার লক্ষ্য নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বলেছে, ওই এলাকায় হুথিদের একটি সামরিক ক্যাম্প ও কয়েকটি যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সরকারের তিন সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, বাজারের কাছে সম্প্রতি হুথিরা একটি সামরিক ক্যাম্প স্থাপন করেছিল।

হুথি নেতারা হামলাটিকে বেসামরিকদের ওপর আক্রমণ হিসেবে আখ্যায়িত করে সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে হামলার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হামলার পর তায়েজসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় নতুন করে সংঘাত ও উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথি ও সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর মধ্যে লড়াইও তীব্র হয়েছে।