মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত রাতে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র রেকর্ড পরিমাণ তেল পরিবহন করেছে। তাঁর ভাষায়, এই পরিমাণ “যুদ্ধের আগে আমরা যত তেল নিয়েছিলাম, তার চেয়েও বেশি।”
সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) শিকাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান হাল ছেড়ে দিলেই এবং যুদ্ধ শেষ হলেই—যা তাঁর মতে শিগগিরই ঘটবে—তেলের দাম কমে আসবে।
এর আগে শনিবার হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং চলমান সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে ইরানের দেওয়া একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প।
অন্যদিকে, ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের একমাত্র কার্যকর সমাধান কূটনীতির মাধ্যমেই সম্ভব। তবে তেহরানের সামরিক নেতৃত্ব সতর্ক করে জানিয়েছে, নতুন করে কোনো হামলা হলে তা মোকাবিলায় তাদের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।


