...|...|...

বিশ্ব

হরমুজ খুলতে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, যা বলল তেহরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৫৩ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩০
Shares
হরমুজ খুলতে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, যা বলল তেহরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের সমাধান কেবল ‘আলোচনার মাধ্যমেই সম্ভব’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে তেহরানের পাঠানো প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এমন মন্তব্য করেন তিনি। তেহরান জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তারা।

এর আগে শুক্রবার নিউইয়র্কে সাংবাদিকদের আরাঘচি বলেছিলেন, ‘প্রয়োজনীয় শর্ত পূরণ হলে’ একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। এসব শর্ত দুই দেশের মধ্যে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখ আছে বলেও জানান তিনি।

তবে শনিবার ট্রাম্প বলেন, তেহরান এমন একটি চুক্তি করতে চাইছে, যার মাধ্যমে তারা দ্রুত হরমুজ প্রণালী খুলে দেবে। ইরান ‘খুব বাজেভাবে হারছে’ বলেই দ্রুত জলপথটি খুলতে চাইছে বলে মন্তব্য করেন তিনি। পরে ট্রাম্প জানান, তিনি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরান এখন মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করবে। তিনি জানান, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে তেহরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরা হয়েছে এবং এসব শর্ত থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই।

আরাঘচি আরও বলেন, ইরানের প্রতিপক্ষরা বিভিন্ন পথ চেষ্টা করেও সমস্যার সমাধান করতে পারেনি। তাঁর মতে, সম্মান, ন্যায়বিচার এবং ইরানি জনগণের অধিকার ও দাবির ভিত্তিতে আলোচনার মাধ্যমেই এই অচলাবস্থা কাটানো সম্ভব।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। স্বাভাবিক সময়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। চলমান সংঘাতের পর থেকে প্রণালীটিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।