...|...|...

বিশ্ব

প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান মার্কিন পণ্ডিতদের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৯
Shares
প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান মার্কিন পণ্ডিতদের

ছবি: সংগৃহীত

লিভারপুলে লেবার পার্টির সম্মেলনের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের বহু শীর্ষ পণ্ডিত ও শিক্ষাবিদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রতি ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একটি খোলা চিঠিতে তাঁরা নিষেধাজ্ঞাকে “অযৌক্তিক ও বিপরীত ফলদায়ক” উল্লেখ করে অবিলম্বে তা তুলে নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সংগঠনটির সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ প্রত্যাহার এবং অহিংস আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা বন্ধ করার আহ্বানও জানানো হয়।

চিঠিতে বলা হয়, “গণহত্যা প্রতিরোধে আমাদের প্রত্যেকেরই সাধ্যমতো পদক্ষেপ নেওয়া উচিত। আপনার নেতৃত্বে দলের প্রথম সম্মেলনের এই মুহূর্তে আমরা আপনাকে অনুরোধ করছি, ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন।”

২০২৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের সময় ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়। ইসরায়েল-সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধ এবং বিভিন্ন স্থাপনায় রং ছিটিয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন নারীবাদী দার্শনিক জুডিথ বাটলার, লেখক রশিদ খালিদি, রাষ্ট্রবিজ্ঞানী নরম্যান ফিঙ্কেলস্টাইনসহ যুক্তরাষ্ট্রের বহু শিক্ষাবিদ। তাঁদের দাবি, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ একটি অহিংস প্রত্যক্ষ আন্দোলনকারী গোষ্ঠী, যার লক্ষ্য জীবন রক্ষা ও গণহত্যা প্রতিরোধ।

এদিকে লিভারপুলে লেবার পার্টির সম্মেলনস্থলের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা সমাবেশ করেছেন। তাঁরা ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি বন্ধ এবং দেশটির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাচ্ছেন।