গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদে আসন্ন নেশনস লিগের ম্যাচ বয়কট করা উচিত কি না; এ নিয়ে আয়ারল্যান্ড দলের ভেতরে দীর্ঘ আলোচনা ও ভোটাভুটি হয়েছে। পরিস্থিতির মধ্যে শনিবার (২৬ সেপ্টেম্বর) স্কোয়াড ছেড়ে বেরিয়ে গেছেন গোলরক্ষক গ্যাভিন বাজুনু।
রবিবার (২৭ সেপ্টেম্বর) হাঙ্গেরির ডেব্রেসেনে ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে মাঠে নামার কথা আয়ারল্যান্ডের। তবে ম্যাচের আগের দিন শনিবার দলের সংবাদ সম্মেলন ও অনুশীলন পাঁচ ঘণ্টারও বেশি সময় পিছিয়ে যায়। দলের হোটেলে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন, ম্যাচে অংশ নেওয়া উচিত কি না তা নিয়ে ভোটও হয়।
যদিও শেষ পর্যন্ত খেলার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন । প্রধান নির্বাহী ডেভিড কুরেল জানান, একজন খেলোয়াড় ম্যাচে অংশ নেওয়া নিয়ে অস্বস্তি প্রকাশ করার পর দলের অন্য খেলোয়াড়েরা বিষয়টি নিয়ে আলোচনা করেন।
তিনি জানান, খেলোয়াড়দের মধ্যে ভোটাভুটি হয়েছে এবং ‘উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ’ ম্যাচগুলো চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। সেই সিদ্ধান্তের ভিত্তিতে এফএআইও ইসরায়েলের বিপক্ষে ম্যাচ আয়োজন ও খেলার সিদ্ধান্ত বহাল রাখে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্কোয়াড ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন ২৪ বছর বয়সী বাজুনু। তিনি জানান, নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার ব্যক্তিগত অবস্থানের কারণে এই ম্যাচগুলোতে অংশ নেওয়া তার কাছে ‘ভুল’ মনে হয়েছে।
তবে বাজুনু স্পষ্ট করে বলেন, তার অবস্থান ইসরায়েলি জনগণ বা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে নয়; বরং তিনি ওই অঞ্চলে সংঘটিত নৃশংসতার প্রতিবাদ করছেন। তিনি বলেন, জীবনে খুব কম সময়ই এমন আসে, যখন নিজের চেয়ে বড় কোনো বিষয়ের পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ পাওয়া যায়। তাঁর বিশ্বাস, এটিও তেমন একটি মুহূর্ত।


