...|...|...

খেলা

সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়ে ফিরতে চায় বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৯
Shares
সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়ে ফিরতে চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে আসিয়ান কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। সেই হতাশা পেছনে ফেলে এবার সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত জামাল ভূঁইয়ার দল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন মিডফিল্ডার সমিত সোম। তিনি জানান, সিঙ্গাপুরের সাম্প্রতিক ম্যাচ বিশ্লেষণ করে তাদের দুর্বল ও শক্তিশালী দিকগুলো চিহ্নিত করা হয়েছে।

সিঙ্গাপুরের কাছে আগের দুই হারের কথা উল্লেখ করে সমিত বলেন, ‘স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার তাগিদ আছে। আসিয়ান কাপে ভালো কিছু করার এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। আমরা আগের হারের শিক্ষা কাজে লাগিয়ে নতুন কোচের কৌশলে মাঠে নামব।’

মালয়েশিয়ার কাছে হেরে আত্মবিশ্বাসে ধাক্কা লাগলেও দলের ড্রেসিংরুমের আবহ ইতিবাচক রয়েছে বলে জানান তিনি। দেশের হয়ে ঘুরে দাঁড়াতে বাড়তি কোনো অনুপ্রেরণার প্রয়োজন নেই উল্লেখ করে সমিত বলেন, জেতার ইচ্ছে ও সিঙ্গাপুরের কাছে আগের হারই দলকে জয় ছিনিয়ে আনতে সবচেয়ে বড় তাগিদ দিচ্ছে।