এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে ওঠার সমীকরণে জয়ের বিকল্প ছিল না ওমানের। কিন্তু বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি মাঠেই গড়াল না। টস ছাড়াই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বিদায় নিতে হয়েছে ওমানকে। অন্যদিকে এক পয়েন্ট পেয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া, ফলে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ তারা।
নিশিনে শনিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মালয়েশিয়া ও ওমানের। কিন্তু টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী থাকায় টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়।
এতে দুই ম্যাচে মোট তিন পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে হংকং, চায়না। আর এক পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে ওমান।
আইসিসি র্যাংকিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর হংকং, চায়নার প্রতিপক্ষ পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একবারই মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও এশিয়ান গেমসের নকআউট পর্বে দুই দল মুখোমুখি হচ্ছে।
এদিকে শনিবার সকালে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে নেপাল ও জাপানের ম্যাচও। ফলে এক পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে জাপান। কোয়ার্টার-ফাইনালে নেপালের প্রতিপক্ষ হয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তান খেলবে ভারতের বিপক্ষে।
নিশিনে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ ও মালয়েশিয়া। একই দিন ভোর ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।
এর আগে সোমবার ভোরে প্রথম কোয়ার্টার-ফাইনালে পাকিস্তান খেলবে হংকং, চায়নার বিপক্ষে। একই দিন বেলা ১১টায় দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।


