এবার দুর্গাপূজার মৌসুমে ভারতে ইলিশ রফতানির করবে না বাংলাদেশ। উল্টো ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানিও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। ফলে দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশের অপেক্ষায় থাকা ভারতের মাছপ্রেমীদের জন্য হতাশার খবর এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কলকাতার মাছ ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর দুর্গাপূজার আগে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ ও সময়সীমা নির্ধারণ করে। সাধারণত ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে অনুমতি দেওয়া হয়। তবে এবার সেই সময় পেরিয়ে গেলেও এখনো ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়নি।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পেট্রাপোল হয়ে ভারত থেকে বাংলাদেশে ইলিশের চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ভারতে ইলিশ আমদানির অনুমতি পাওয়ার সম্ভাবনাও কম। কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা তারা জানেন না বলেও জানান তিনি।
সংখ্যার বিচারে বাংলাদেশের ইলিশের প্রতি ভারতে ব্যাপক চাহিদা রয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভারত বাংলাদেশ থেকে ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করে। ২০২০ সালে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৫০ মেট্রিক টনে। ২০২১ সালে আমদানি হয় ১ হাজার ২০০ মেট্রিক টন।
২০২২ সালে এই পরিমাণ বেড়ে ১ হাজার ৩০০ মেট্রিক টনে পৌঁছায়। পরের বছর আমদানি করা হয় ৫৮৭ মেট্রিক টন ইলিশ। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারত পায় ৫৭৭ মেট্রিক টন বাংলাদেশি ইলিশ। গত বছর এই পরিমাণ কমে ১৫০ মেট্রিক টনে নেমে আসে।
অন্যদিকে, গত দুই মাসে ভারত পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে।


