...|...|...

শিক্ষা

ফ্রান্সে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ২ লাখ টাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ১০:৫৬
Shares
ফ্রান্সে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ২ লাখ টাকা

ছবি: সংগৃহীত

প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী। তাদের জন্য ইউরোপের দেশ ফ্রান্সে এবার রয়েছে বিশেষ বৃত্তির সুযোগ। দেশটির ২০২৭ সালের ‘ফ্রান্স এক্সিলেন্স ইফেল স্কলারশিপ’-এর আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনা এবং গবেষণার সুযোগ দিচ্ছে টুলুজ বিশ্ববিদ্যালয়। নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকা ভাতা পাবেন। পাশাপাশি বিমানভাড়া, স্বাস্থ্যবিমা ও যাতায়াতের খরচেও আর্থিক সহায়তা দেওয়া হবে।

ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে ক্যাম্পাস ফ্রান্স। আন্তর্জাতিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য।

বৃত্তিতে যেসব সুবিধা পাওয়া যাবে

এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো করে ভাতা পাবেন। এ ছাড়া নিজ দেশ থেকে ফ্রান্সে যাওয়া এবং পড়াশোনা শেষে দেশে ফেরার ইকোনমি শ্রেণির বিমানভাড়া দেওয়া হবে। ফ্রান্সের অভ্যন্তরে যাতায়াতের খরচ এবং স্বাস্থ্যবিমার সুবিধাও থাকছে।

শুধু আর্থিক সহায়তাই নয়, শিক্ষার্থীদের আবাসন খুঁজে পেতেও সহযোগিতা করা হবে। বিশ্ববিদ্যালয়ের ক্রুস আবাসিক হল অথবা বেসরকারি আবাসনে থাকার সুযোগ থাকতে পারে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া ও বিনোদনমূলক কর্মকাণ্ডে বিশেষ ছাড় পাবেন বৃত্তিপ্রাপ্তরা।

যেসব বিষয়ে পড়াশোনার সুযোগ

বৃত্তির আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় একাধিক বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশগত রূপান্তর, গণিত ও ডিজিটাল প্রযুক্তি এবং প্রকৌশল ও প্রকৌশলবিজ্ঞান।

এ ছাড়া মানবিক ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীরা ফরাসি ইতিহাস, ভাষা ও সভ্যতা, আইন ও রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ে আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা

মাস্টার্স পর্যায়ে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৯ বছর হতে হবে। ২০২৭ সালের বৃত্তির ক্ষেত্রে আবেদনকারীর জন্মতারিখ ৩১ মার্চ ১৯৯৭-এর পরে হতে হবে। তাকে ফ্রান্সের বাইরের কোনো দেশের নাগরিক হতে হবে এবং আবেদনের সময় ফ্রান্সে অধ্যয়নরত থাকা যাবে না। পাশাপাশি সংশ্লিষ্ট মাস্টার্স বা প্রকৌশল বিষয়ে ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।

আগে মাস্টার্স পর্যায়ে ইফেল বৃত্তি পেয়েছেন কিংবা আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন, এমন প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না।

অন্যদিকে, পিএইচডি পর্যায়ে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। ২০২৭ সালের বৃত্তির জন্য জন্মতারিখ হতে হবে ৩১ মার্চ ১৯৯১-এর পরে। এ পর্যায়ে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি টুলুজ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা গবেষকের সমর্থন এবং বিশ্ববিদ্যালয়টিতে পিএইচডিতে নিবন্ধন অথবা নিবন্ধনের পরিকল্পনা থাকা প্রয়োজন।

আবেদনের জন্য যেসব কাগজপত্র লাগবে

আবেদনের আগে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে পাসপোর্ট বা পরিচয়পত্রের অনুলিপি, ফরাসি অথবা ইংরেজি ভাষায় তৈরি হালনাগাদ জীবনবৃত্তান্ত, সর্বশেষ শিক্ষাগত সনদ, বিগত তিন বছরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ভাষাগত দক্ষতার সনদ।

এ ছাড়া মোটিভেশন লেটার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন

ইফেল বৃত্তির জন্য শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন না। ফ্রান্সের যোগ্য কোনো উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মনোনয়ন পেতে হবে। অর্থাৎ আগ্রহীদের প্রথমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে প্রাথমিক আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মাস্টার্সে আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথমে টুলুজ বিশ্ববিদ্যালয়ের কোর্স তালিকা থেকে বৃত্তির আওতাভুক্ত বিষয় নির্বাচন করতে হবে। এরপর নিজের যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।

পিএইচডি প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল স্কুল ও গবেষণাগারগুলোর তথ্য যাচাই করে গবেষণার বিষয়ের  সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষক বা গবেষক খুঁজে নিতে হবে। এরপর নিজের গবেষণার পরিকল্পনা তুলে ধরে তার সমর্থন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

২০২৭ সালের ইফেল বৃত্তির জন্য টুলুজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মাস্টার্স পর্যায়ে প্রাথমিক আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬। পিএইচডি পর্যায়ের আবেদন জমা দেওয়া যাবে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের বাছাইপ্রক্রিয়া শেষে মনোনীত শিক্ষার্থীদের আবেদন ক্যাম্পাস ফ্রান্সে পাঠানো হবে। ইফেল বৃত্তির চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ জানুয়ারি ২০২৭।