এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়। এ জন্য কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ দিকে।
সম্পূরক পরীক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ও পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে। আগামী ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হবে। ভর্তি পরীক্ষা চলবে ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ ও প্রয়োজনীয় যোগ্যতা পূরণকারীরা ফল প্রকাশের পর আবেদন করতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ থেকে ২০ ফেব্রুয়ারি। আবেদন চলবে ১৫ থেকে ৩০ নভেম্বর। তবে সম্পূরক পরীক্ষার্থীরা ফল প্রকাশের পর সাত দিন আবেদন করার সুযোগ পাবেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ১৭ ও ১৮ জানুয়ারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি। সেখানে সম্পূরক পরীক্ষার্থীরা এসএসসির ফলের ভিত্তিতে আবেদন করে পরে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সেখানে ভর্তি পরীক্ষা হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি।
সুযোগ নেই ঢাবি, জাবি ও বুয়েটে
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বুয়েট ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন করছে না।
বুয়েটে আগামী ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ২১ নভেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আবেদন শেষ হবে ১৫ ডিসেম্বরের মধ্যে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ নভেম্বর আবেদনের শেষ দিন। ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। ফলে এসব বিশ্ববিদ্যালয়ে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।


