...|...|...

বিশ্ব

রাশিয়া-ইউক্রেনের রাতভর হামলায় নিহত ৫, বিদ্যুৎহীন ৫০ হাজার মানুষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫০
Shares
রাশিয়া-ইউক্রেনের রাতভর হামলায় নিহত ৫, বিদ্যুৎহীন ৫০ হাজার মানুষ

ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি ড্রোন ও সামরিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। শুক্রবার রাত থেকে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত চালানো এসব হামলায় উভয় দেশের আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সংবাদমাধ্যম আনাদোলু বলছে, দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আঞ্চলিক পরিচালনা সদর দপ্তর জানিয়েছে, প্রোলেতারস্কি এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে ড্রোন আঘাত হানলে এক দম্পতি ও তাঁদের ২৪ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং আরেকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া বেলগোরোদের পোচায়েভো, নোভোস্ত্রোয়েভকা-পেরভায়া, রঝেভকা গ্রাম এবং শেবেকিনো শহরে পৃথক হামলায় আরও সাতজন আহত হয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক জেলার ইয়াসনা পোলিয়ানা এলাকায় ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। এ সময় তিনটি ব্যক্তিগত বাড়িতে আগুন ধরে যায়।

ইউক্রেনের সুমি অঞ্চলের প্রধান ওলেগ গ্রিগোরভ জানিয়েছেন, শনিবার সকালে হ্লুখিভ শহরে হামলায় তিনজন আহত হয়েছেন। একই সময়ে খারকিভ অঞ্চলের সাতটি বসতি হামলার শিকার হয়েছে। সেখানে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ছাড়া নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে হামলায় দুজন আহত হওয়ার পাশাপাশি কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইউক্রেনের উপকূলীয় ওদেসা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় হামলার কারণে প্রায় ৫০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ কিপার জানান, ডিটিইকে ওদেসার একটি বিদ্যুৎ বিতরণ স্থাপনায় হামলার পর এ পরিস্থিতি তৈরি হয়। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে মেরামতের কাজ শুরু করেছেন কর্মীরা।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের রাতভর হামলায় ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলের একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর দাবি, স্থাপনাটি ইউক্রেনের প্রতিরক্ষাশিল্প ও সামরিক সরঞ্জাম সংরক্ষণকেন্দ্রগুলোকে সহায়তা করত।

রুশ মন্ত্রণালয় আরও দাবি করেছে, ওদেসা বন্দরে সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়া একটি পণ্যবাহী জাহাজ এবং জাপোরিঝঝিয়া অঞ্চলের মাতভিয়েভকা রেলস্টেশনের কাছে সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি লোকোমোটিভে হামলা চালানো হয়েছে।

তবে যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়া ও ইউক্রেনের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।