ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের চেষ্টা চলছে বলে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ওয়াশিংটন সফরে গেছেন দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। দেশটির বিরোধী শিবিরের শঙ্কা, নতুন সরকার গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত সৃষ্টির চেষ্টা করছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মোসাদপ্রধানের এই সফর ঘিরে ইসরায়েলে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সফরের বিষয়ে আগাম অবহিত না করায় গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করেন আইজেনকোট। অথচ এর কিছুদিনের মধ্যেই মোসাদপ্রধান যুক্তরাষ্ট্র সফরে গেলেও তাঁকে বিষয়টি জানানো হয়নি।
এদিকে, ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে মোসাদপ্রধান ও নেতানিয়াহুর অবস্থান অনেকটাই অভিন্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর সুযোগ রয়েছে।
তবে নেতানিয়াহুবিরোধী রাজনৈতিক জোটের শঙ্কা, ক্ষমতা হস্তান্তরের এই সময়ে ইরানের সঙ্গে নতুন সংঘাত তৈরি করা হলে ইসরায়েলে সরকার গঠনের আলোচনা বাধাগ্রস্ত হতে পারে। একই সাথে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নেতানিয়াহুর ক্ষমতায় থাকার প্রয়োজনীয়তা তুলে ধরার চেষ্টা হতে পারে।
যুক্তরাষ্ট্র সফরে মোসাদপ্রধানের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধানের সাথে বৈঠক করার কথা রয়েছে। তবে এসব বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইসরায়েলে নতুন সরকার গঠনের আলোচনা চলাকালে মোসাদপ্রধানের এই সফরকে তাই বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে নেতানিয়াহুবিরোধী শিবির। তাদের আশঙ্কা, ইরানকে ঘিরে নতুন সামরিক উত্তেজনা তৈরি হলে নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনের প্রচেষ্টা ব্যাহত হতে পারে।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানে সামরিক অভিযান পুনরায় শুরু করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন। তবে ট্রাম্প এখনই নতুন যুদ্ধে জড়ানোর পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপ ও নৌ-অবরোধ বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরানে তাৎক্ষণিক হামলার বিষয়ে দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যেও মতপার্থক্য রয়েছে। সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির বর্তমান পরিস্থিতিতে নতুন হামলার উপযুক্ত সময় আসেনি বলে মনে করছেন। অন্যদিকে নেতানিয়াহু ও মোসাদপ্রধান নতুন সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


