হাঙ্গেরিতে দুর্নীতির তদন্তে জঙ্গল, কৃষি খামার ও বিভিন্ন ভবনে লুকিয়ে রাখা প্রায় দুই কোটি মার্কিন ডলার উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের এক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ তদন্ত করতে গিয়ে বিপুল পরিমাণ এই অর্থের সন্ধান পাওয়া যায়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় আড়াইশ কোটি টাকা।
শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরির সাবেক জাতীয় উন্নয়নমন্ত্রী মিকলোস সেস্তাকের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবে গত ১২ ও ১৩ নভেম্বর দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় জঙ্গলের মাটির নিচে, কৃষি ভবন, গুদাম, আবাসিক ভবন এবং গোপন স্থানে রাখা সিন্দুক থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।
হাঙ্গেরির জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও সুরক্ষা দপ্তর (এনভিভিএইচ) জানিয়েছে, উদ্ধার হওয়া অর্থের মধ্যে রয়েছে ৫০৭ কোটি ১৬ লাখের বেশি হাঙ্গেরীয় ফোরিন্ট, ২৬ লাখ ৫৮ হাজার ইউরো এবং ১২ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার। সব মিলিয়ে যার মূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। উদ্ধার করা অর্থ ইতোমধ্যে দেশটির রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তদন্তকারীদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের উন্নয়নমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে ঘুষ ও অবৈধ সুবিধা গ্রহণের সঙ্গে জড়িত ছিলেন সেস্তাক। তবে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাঙ্গেরির জাতীয় উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন সেস্তাক। দুর্নীতির অভিযোগে গত সেপ্টেম্বর থেকে তিনি আটক রয়েছেন। তবে উদ্ধার করা অর্থ তাঁর ব্যক্তিগত মালিকানাধীন কি না, তা এখনো নিশ্চিত হয়নি।
এদিকে, চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে ভিক্টর অরবানকে পরাজিত করেন পিটার ম্যাগিয়ার। ক্ষমতায় আসার পর তিনি আগের সরকারের দুর্নীতির অভিযোগ তদন্তে ব্যাপক অভিযান শুরু করেন।
বিপুল অর্থ উদ্ধারের পর শুক্রবার ম্যাগিয়ার এই ঘটনাকে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার অবসানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাঁর সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন পারগেটরি’।
অন্যদিকে, অরবান সরকারের আরও দুই সাবেক মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর জর্জি মাতোলচির বিরুদ্ধেও পৃথক দুর্নীতির তদন্ত চলছে। তাঁদের সবাই অভিযোগ অস্বীকার করেছেন।
এ ছাড়া সম্প্রতি মানবপাচারসংক্রান্ত একটি মামলায় অরবানের ছোট ভাইসহ চারজনকে আটক করেছে হাঙ্গেরির কর্তৃপক্ষ। তবে এসব তদন্তকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী অরবান। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতেই বর্তমান সরকার এসব পদক্ষেপ নিচ্ছে।



