জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, সমাজের সর্বক্ষেত্রে দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত হয়ে পড়েছিল। ঠিকাদারদের পাশাপাশি কিছু শিক্ষকও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিল। দুর্ভাগ্যবশত বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি ছিল সবচেয়ে বড়ো বাধা। দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের স্থানীয় শিল্পকলায় শিক্ষার মানোন্নয়ন নিয়ে আয়োজিত ‘শিক্ষাঙ্গণ থেকে জাতীয় ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন সময় এসেছে ২৪ এর গণ-অভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। বর্তমান বাংলাদেশকে একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের সব ধর্মের লোকজন একজন মানুষ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আর তারই সারথি হচ্ছে ছাত্র-ছাত্রীরা। ছাত্ররাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ।
কায়সার কামাল বলেন, “দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে সারা দেশে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিল। ছাত্ররাই নিজের বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্টমুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে এবং গণতন্ত্র ফিরিয়ে এনেছে।”
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার আরও বলেন, “ঝড়ে পড়া ছাত্ররা কিশোর গ্যাং হিসেবে গড়ে উঠে। এর মূল কারণ হলো তারা সুশিক্ষায় শিক্ষা গ্রহণ করতে পারে না।”
তিনি বলেন, “কোনো ছাত্রী যাতে রাস্তায় ইভটিজিং-এর শিকার না হয়, সেজন্য প্রতিটি হও, স্কুলের সামনে সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।”
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জি কে গউছ, পুলিশ সুপার তারেক মাহমুদ এবং হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল মজীদ।
পরে সন্ধ্যায় ডেপুটি স্পিকার একজন আইনজীবীর শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


