বিশ্বের ইতিহাসে আওয়ামী লীগের মতো বড় চোরের দল মানুষ দেখেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে শেখ হাসিনা ও দলটির সংসদ সদস্যরা ব্যাপক লুটপাট করেছেন। দেশের সম্পদ লুট করে বিদেশে প্রাসাদ গড়েছেন তারা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ সংবর্ধনার আয়োজন করে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ থেকে সম্পদ লুট করে বিদেশে প্রাসাদ তৈরি করেছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তারা। দেশকে কীভাবে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা চলছে। তিনি আরও বলেন, লুটপাটকারীরা মনে করেছিল, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তাদের মধ্যে এমন লোকও ছিল, যারা কয়েকশ জমি দখল করেছে।
দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের বিষয়ে স্পিকার বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার বেশি পূজামণ্ডপে পূজা উদ্যাপিত হচ্ছে উল্লেখ করে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। এ অঞ্চলের চেয়ারম্যান হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে কেউ এ পদে নির্বাচিত হননি বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, এ সম্মান শুধু তাঁর একার নয়, সবার। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
বিএনপি সরকারের কর্মকাণ্ড তুলে ধরে স্পিকার বলেন, দেশে আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র আট মাসের মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, অন্য কোনো সরকার এমন নজির সৃষ্টি করতে পারেনি। বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করছে।
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, দলটির নেতারা চুরি ও লুটপাট করে সম্পদ নিয়ে গেছেন। টাকা দিয়ে আইন-আদালত কিনে ফেলেছিলেন তারা। ভারতে প্রাসাদে বসবাস করছেন। এভাবে আর কেউ লুটপাট করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।


