...|...|...

জাতীয়

সংসদ অকার্যকর হলে দেশ আবারও বিপথে যেতে পারে: ডেপুটি স্পিকার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৭
Shares
সংসদ অকার্যকর হলে দেশ আবারও বিপথে যেতে পারে: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ কার্যকর না থাকলে দেশ আবারও বিপথে যাওয়ার আশঙ্কা থাকে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকারি ও বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে বিরোধী দলের কার্যকর ছায়া সংসদ গঠনের ওপরও গুরুত্বারোপ করেছেন ডেপুটি স্পিকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শরৎ উৎসব ও ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কায়সার কামাল বলেন, সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে। সরকারের নীতি ও কর্মকাণ্ড পর্যালোচনা, ভুলত্রুটি চিহ্নিত করা এবং জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ওয়েস্টমিনস্টার সংসদীয় ব্যবস্থার আদলে কার্যকর ছায়া সংসদ গড়ে তোলা হলে নির্বাহী বিভাগকে আরও জবাবদিহির আওতায় আনা সম্ভব। এর মাধ্যমে সরকারের নীতি, মন্ত্রিসভার কার্যক্রম ও বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনার পাশাপাশি বিকল্প প্রস্তাব উপস্থাপনের সুযোগ তৈরি হবে।

ডেপুটি স্পিকার আরও বলেন, জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কার্যকর সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠা জরুরি। গণতান্ত্রিক অর্জন ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। স্বাধীনভাবে কথা বলা ও লেখার অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ প্রতিষ্ঠান জ্ঞানচর্চা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির অন্যতম কেন্দ্র। এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে শিক্ষক, গবেষক ও জাতি গঠনের কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কোনো সরকার এককভাবে উন্নত জাতি গড়ে তুলতে পারে না; বরং প্রত্যেক দায়িত্বশীল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হয়।

সবশেষে কায়সার কামাল বলেন, “আমরা কে সরকারি দল বা কে বিরোধী দল তা বিবেচ্য বিষয় নয়, আমরা সকলেই বাংলাদেশের দল-বাংলাদেশি। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দেশকে গড়ে তোলার জন্য এগিয়ে আসব এবং কাজ করব।”