ইউক্রেনে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইরত সাড়ে চার লাখের বেশি মানুষের মৃত্যুর তথ্য উঠে এসেছে দেশটির সরকারি ডেটাবেস থেকে ফাঁস হওয়া নথিতে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের তথ্যভান্ডার হ্যাক করে পাওয়া মৃত্যুসনদের তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান সামনে এসেছে। তবে নথিতে অন্তর্ভুক্ত সব মৃত্যুই সরাসরি যুদ্ধের কারণে ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া ডেটাবেসে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত মৃত্যুর তথ্য রয়েছে। এসব তথ্য যাচাই করেছে ব্লুমবার্গ, মিডিয়াজোনা, মেদুজাসহ একাধিক সংবাদমাধ্যম এবং স্বতন্ত্র গবেষকরা।
প্রতিবেদন অনুযায়ী, ডেটাবেসে অন্তত ৩ লাখ ৫৬ হাজার ৫৬ জনের মৃত্যু ‘যুদ্ধ অভিযানে’ হয়েছে বলে উল্লেখ রয়েছে। এ ছাড়া ৫৬ হাজার ৫২০ জন সামরিক কর্মকাণ্ডে, ৫৭৫ জন সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং ১৩ হাজার ৬৭১ জন রাশিয়ার অধিকৃত অঞ্চলে মারা গেছেন। আরও ১৪ হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনা, অসুস্থতা বা আত্মহত্যাসহ বিভিন্ন বাহ্যিক কারণে। পাশাপাশি ৯ হাজার ১১৮ জনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
তবে গবেষকরা সতর্ক করেছেন, এসব তথ্য রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নয়। কারণ, ডেটাবেসে নিখোঁজ ব্যক্তি কিংবা যাঁদের মৃত্যুসনদ এখনো প্রক্রিয়াধীন, তাঁদের তথ্য অন্তর্ভুক্ত হয়নি। একই সঙ্গে নথিতে বেসামরিক নাগরিক ও যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পর্কহীন মৃত্যুর তথ্যও থাকতে পারে।
ফাঁস হওয়া তথ্যের সত্যতা যাচাইয়ে রাশিয়ার আদালতের নথি ও অন্যান্য উন্মুক্ত উৎসের সঙ্গে মৃত্যুসনদের তথ্য মিলিয়ে দেখেছেন বিশেষজ্ঞরা। জার্মান সামরিক বিশ্লেষক জানিস ক্লুগ জানিয়েছেন, আদালতের নথিতে থাকা একাধিক ব্যক্তির নাম ডেটাবেসেও পাওয়া গেছে। এতে তথ্যগুলো জাল হওয়ার আশঙ্কা কমলেও প্রকাশিত সংখ্যাকে পুরোপুরি নির্ভুল বলা যাচ্ছে না।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইরত ২ লাখ ৮৫ হাজার ৮৮১ জন নিহতের পরিচয় শনাক্ত করেছিল। তাদের প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ রাশিয়ার সামরিক মৃত্যুর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে যায়।
এদিকে, ফাঁস হওয়া ডেটাবেসে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত বিদেশি নাগরিকদের তথ্যও পাওয়া গেছে। এর মধ্যে একজন স্প্যানিশ নাগরিক এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশের প্রায় ২০০ জনের মৃত্যুর তথ্য রয়েছে। এল পাইসের অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবরে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধ করার সময় ২৯ বছর বয়সী এক স্প্যানিশ নাগরিক বিস্ফোরণে নিহত হন।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, রাশিয়ার পক্ষে লড়াইরত প্রায় ১০০টি দেশের ১১ হাজার বিদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ছয় হাজারের বেশি ব্যক্তির রাশিয়ার নাগরিকত্ব রয়েছে। বিদেশি যোদ্ধাদের বড় একটি অংশ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিক।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আকর্ষণীয় বেতন ও বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশি নাগরিকদের রুশ সামরিক বাহিনীতে নিয়োগের অভিযোগ রয়েছে। অনেককে ড্রোন পরিচালনা কিংবা গাড়িচালকের কাজ দেওয়ার কথা বলা হলেও পরবর্তী সময়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারত ও কিউবাসহ কয়েকটি দেশের নাগরিকদের ক্ষেত্রেও এমন ঘটনার তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের তথ্যও ফাঁস হওয়া ডেটাবেসে নেই। বিবিসির একটি বিশ্লেষণ অনুযায়ী, এই যুদ্ধে প্রায় ২ হাজার ৩০০ উত্তর কোরীয় সেনা নিহত হয়ে থাকতে পারেন।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রাক্কলন অনুযায়ী, একই যুদ্ধে ইউক্রেনের প্রায় ১ লাখ ২৫ হাজার থেকে দেড় লাখ সামরিক সদস্য নিহত হয়েছেন। তবে ইউক্রেনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সামরিক মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, ফাঁস হওয়া এসব তথ্য ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপুল প্রাণহানির একটি ধারণা দিলেও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বা ভিন্ন হতে পারে। বিশেষ করে নিখোঁজ সেনা, বিদেশি যোদ্ধা এবং এখনো আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত না হওয়া মৃত্যুর তথ্য যুক্ত হলে সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে।



