ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে দখলদার ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ১৮টি মুসলিমপ্রধান দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। হামলায় এক চিকিৎসক ও শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং রোগী ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, যৌথ বিবৃতিতে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্ক ও পাকিস্তান।
বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলারও নিন্দা জানান। তাঁরা সতর্ক করে বলেন, এসব হামলা গাজায় কার্যকর থাকা যুদ্ধবিরতিকে দুর্বল করে দিচ্ছে এবং অঞ্চলটির মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন করে তুলছে।
১৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অভিযোগ করেন, ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ আরোপ করে রেখেছে। বিশেষ করে জরুরি চিকিৎসাসামগ্রী এবং শীতকালীন আশ্রয়ের উপকরণ সরবরাহে বাধা দেওয়া হচ্ছে।
তারা বলেন, শীত মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত আশ্রয়ের অভাব এবং পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবার অবনতির কারণে গাজার শিশু ও নবজাতকেরা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
যৌথ বিবৃতিতে ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলার পাশাপাশি গাজায় বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীরা।
এ ছাড়া গাজায় ত্রাণ প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রশাসন এবং ‘বোর্ড অব পিস’-এর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
ইসরায়েলের হামলা ও ত্রাণ সরবরাহে বিধিনিষেধের কারণে গাজার মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রীরা। তাঁরা যুদ্ধবিরতি বজায় রাখা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নাসের হাসপাতালে হামলার লক্ষ্য ছিল হামাসের সদস্যরা। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।


