...|...|...

বিশ্ব

২৮ বছর পর আলাস্কায় ইতিহাস গড়ে গভর্নর পদে ডেমোক্র্যাটদের জয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, রাত ১১:০৩
Shares
২৮ বছর পর আলাস্কায় ইতিহাস গড়ে গভর্নর পদে ডেমোক্র্যাটদের জয়

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আরও একটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। দীর্ঘ ২৮ বছর পর আলাস্কা অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন দলটির প্রার্থী জোনাথন ক্রেইস-টমকিন্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া প্রার্থীসহ তিন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের পূর্বাভাসে ক্রেইস-টমকিন্সের জয় নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো আলাস্কার গভর্নর নির্বাচনে জয় পেলেন ডেমোক্র্যাটরা। 

৩৭ বছর বয়সী ক্রেইস-টমকিন্স এর আগে আলাস্কার আইনসভার সদস্য ছিলেন। এবারের নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী বার্নাডেট উইলসন, ডেভ ব্রনসন ও ট্রেগ টেলরকে পরাজিত করেন। তাঁদের মধ্যে উইলসনের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো, সরকারি বিদ্যালয়ে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা এবং নতুন ডেটা সেন্টার নির্মাণে কার্যকর নিয়ন্ত্রণ আরোপের ওপর গুরুত্ব দেন ক্রেইস-টমকিন্স। পাশাপাশি রাজ্যের জ্বালানি খাতে করব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতিও দেন তিনি।

এ নির্বাচনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, রিপাবলিকান সিনেটর লিসা মারকাউস্কির সমর্থন পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী ক্রেইস-টমকিন্স। মারকাউস্কি বিভিন্ন অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করার জন্য পরিচিত।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের সাফল্যের ধারাবাহিকতায় আলাস্কায় এই জয় এসেছে। এর ফলে আগামী বছর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩০টির গভর্নরের দায়িত্ব থাকবে ডেমোক্র্যাটদের হাতে।

ক্রেইস-টমকিন্স আগামী ৭ ডিসেম্বর গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান রিপাবলিকান গভর্নর মাইক ডানলেভির স্থলাভিষিক্ত হবেন। একই সঙ্গে আলাস্কার ইতিহাসে সর্বকনিষ্ঠ গভর্নর হওয়ার রেকর্ড গড়বেন তিনি।