যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নিউইয়র্ক সিটি শাখা।
শনিবার (১৪ নভেম্বর) সংগঠনটির সম্মেলনে এ-সংক্রান্ত একটি প্রস্তাব ২৯১-১২৩ ভোটে পাস হয়। তবে এটি ডিএসএর আনুষ্ঠানিক জাতীয় সমর্থন নয়। প্রস্তাবটির মাধ্যমে নিউইয়র্ক সিটি শাখা ওকাসিও-কোর্তেজকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে উৎসাহ দেওয়া এবং সম্ভাব্য প্রচারের ভিত্তি তৈরিতে কাজ করবে।
নিউইয়র্ক সিটি ডিএসএর সহসভাপতি গুস্তাভো গোরদিয়ো আল-জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র যদি ট্রাম্পকে নির্বাচিত করতে পারে, তাহলে আমার মনে হয় আমরা ডেমোক্রেটিক সোশ্যালিস্টদেরও নির্বাচিত করতে পারি।
মধ্যবর্তী নির্বাচনে ডিএসএ-সমর্থিত প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্যের পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে রেকর্ড আটজন ডিএসএ-সমর্থিত প্রার্থী ফেডারেল পদে নির্বাচিত হয়েছেন এবং জানুয়ারিতে কংগ্রেসে দায়িত্ব নেবেন।
‘এওসি’ নামে পরিচিত ওকাসিও-কোর্তেজ দীর্ঘদিন ধরে নিউইয়র্ক সিটি ডিএসএর সদস্য। প্রায় ১৫ হাজার সদস্যের এই শাখা সংগঠনটির অন্যতম প্রভাবশালী অংশে পরিণত হয়েছে।
নিউইয়র্ক সিটি ডিএসএ গত বছর মেয়র জোহরান মামদানিকে সমর্থন দিয়েছিল। একই সাথে ২০১৮ সাল থেকে ওকাসিও-কোর্তেজের পাঁচটি কংগ্রেস নির্বাচনের প্রতিটিতেই তাকে সমর্থন করেছে। সংগঠনটির নেতাদের মতে, এসব নির্বাচনী সাফল্যের কারণে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতিতে তাদের প্রভাব বেড়েছে।
সংগঠনটির আরেক সহসভাপতি গ্রেস মাউসার বলেন, নিউইয়র্ক সিটিতে একজন মেয়র এবং তিনজন সমাজতন্ত্রীকে নির্বাচিত করার পর ডিএসএর রাজনৈতিক অবস্থান এখন আরও গুরুত্ব পাচ্ছে।
নিউইয়র্কের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের ডেমোক্র্যাট প্রতিনিধি ওকাসিও-কোর্তেজ ২০১৮ সালে দলের প্রাইমারিতে টানা ১০ মেয়াদের এক কংগ্রেস সদস্যকে হারিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন।
ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত ওকাসিও-কোর্তেজ সর্বজনীন স্বাস্থ্যসেবা, সরকারি কলেজে টিউশন ফি বাতিল এবং শ্রমিকদের অধিকার সুরক্ষাসহ বিভিন্ন নীতির পক্ষে অবস্থান নিয়েছেন।
তবে ২০২৮ সালের জন্য এখনও জাতীয় প্রেসিডেন্ট নির্বাচনী প্ল্যাটফর্ম চূড়ান্ত করেনি নিউইয়র্ক সিটি ডিএসএ। গ্রেস মাউসার জানান, ভোটারদের সাথে কথা বলে যেসব বিষয় সবচেয়ে বেশি সামনে আসছে, সেগুলোকে ভিত্তি করেই এই প্ল্যাটফর্ম তৈরি হবে।
তার ভাষ্য অনুযায়ী, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিশু যত্নের ব্যয় ভোটারদের প্রধান উদ্বেগের মধ্যে রয়েছে। এসব বিষয়ই সম্ভাব্য ফেডারেল প্ল্যাটফর্মের কেন্দ্রে থাকবে।
পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, সম্ভাব্য প্রচারাভিযানটি শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির সুযোগ দেবে। সরকারি আবাসন, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের কার্যক্রম বন্ধ, শ্রমিক সংগঠন, যুদ্ধবিরোধী আন্দোলন এবং ফিলিস্তিনপন্থী আন্দোলনকেও অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্ক সিটি ডিএসএর এই ভোটের মধ্য দিয়ে ওকাসিও-কোর্তেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নামানোর জন্য বামপন্থী মহলে চলা তৎপরতা আরও জোরালো হলো। এর আগে জাতীয় ডিএসএর ভেতরেও তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ‘রেডি ফর এওসি’ নামে একটি স্বাধীন প্রচারণাও শুরু হয়েছে।
ওকাসিও-কোর্তেজ এর আগে বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। ফলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা মার্কিন সিনেটের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা—দুই সম্ভাবনাই এখনও খোলা রয়েছে।


